উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. আরাফাত রহমান © টিডিসি ফটো
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যেই উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আরাফাত রহমান। আগামী ১১ ও ১২ অক্টোবর দুই দিনের জন্য তাকে এ দায়িত্ব প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।
জানা যায়, উপাচার্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভায় উপস্থিত হতে সেসময় ঢাকায় অবস্থান করবেন। সেজন্যই অধ্যাপক আরাফাতকে দায়িত্ব দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপাচার্য বলেন, ‘অধ্যাপক আরাফাত রহমানকে আগামী ১১ ও ১২ অক্টোবর দুই দিনের জন্য এ দায়িত্ব দেয়া হয়েছে। আমি মন্ত্রণালয়, ইউজিসি, রেজিস্ট্রার, ডিন এবং বিভিন্ন দপ্তর প্রধানকে এ বিষয়ে জানিয়েছি।’
এদিকে, অচলাবস্থার মধ্যে দায়িত্ব পালন প্রসঙ্গে অধ্যাপক আরাফাত রহমান বলেন, ‘শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের যত দ্রুত সম্ভব শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনা যায় এ বিষয়ে ব্যাপারে বোঝানোর চেষ্টা করব।’
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়।
এর প্রতিবাদে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন পালন করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম।