গবেষকের তালিকায় রাবিপ্রবির ৩ শিক্ষক © সংগৃহীত
বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তিন শিক্ষক। তাঁরা হলেন—সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ, সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং সহকারী অধ্যাপক সৈয়দ আসাদুজ্জামান।
এলসেভিয়ারের সর্বশেষ প্রকাশিত গবেষক তালিকায় তাঁদের নাম উঠে এসেছে। গত ৭ অক্টোবর তালিকাটির নবম সংস্করণ প্রকাশ করা হয়। এতে বিভিন্ন দেশের গবেষকদের গবেষণার প্রভাব ও সাইটেশন তথ্যের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে।
এলসেভিয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, তালিকায় বিশ্বের শীর্ষ এক লাখ গবেষকের পাশাপাশি নিজ নিজ গবেষণা-শাখায় শীর্ষ ২ শতাংশের মধ্যে থাকা গবেষকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। গবেষকদের গবেষণার প্রভাব বিবেচনায় সাইটেশন সংখ্যা, গবেষণায় লেখক হিসেবে তাঁদের ভূমিকা এবং সহলেখকদের সঙ্গে কাজের বিভিন্ন সূচক বিবেচনা করা হয়েছে।
রাবিপ্রবির সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ বিভিন্ন গবেষণা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলমের গবেষণার ক্ষেত্রের মধ্যে অ্যান্টেনা, রেডিও ফ্রিকোয়েন্সি ও মাইক্রোওয়েভ প্রকৌশল, মেটাম্যাটেরিয়াল ও মেটাসারফেসসহ বিভিন্ন বিষয় রয়েছে।
অন্যদিকে, সহকারী অধ্যাপক সৈয়দ আসাদুজ্জামানও সিএসই বিভাগের শিক্ষক হিসেবে গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে ২০২৫ সালে প্রকাশিত তালিকাতেও রাবিপ্রবির দুই শিক্ষক ড. তানজিম মাহমুদ ও সৈয়দ আসাদুজ্জামান স্থান পেয়েছিলেন।
সর্বশেষ তালিকাটি তৈরিতে ২০২৬ সালের ১ আগস্ট পর্যন্ত স্কোপাসে থাকা গবেষকদের তথ্য এবং ২০২৫ সালের শেষ পর্যন্ত সাইটেশনের তথ্য ব্যবহার করা হয়েছে।
একই বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের তিন শিক্ষক এবার এই তালিকায় স্থান পাওয়ায় রাবিপ্রবির গবেষণা কার্যক্রমে এটি একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এলসেভিয়ার প্রতিবছর বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকা প্রকাশ করে। প্রতিষ্ঠানটি বছরে প্রায় দুই হাজারের বেশি জার্নাল প্রকাশ করে থাকে। এর প্রকাশিত নিবন্ধের সংখ্যা দুই লাখ ৫০ হাজারের বেশি এবং আর্কাইভে সংরক্ষিত প্রকাশনার সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। এটি মূলত চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি ও সামাজিক বিজ্ঞানের ওপর গবেষণাপত্র, বই এবং জার্নাল প্রকাশ করে থাকে।