নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ

০৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ AM
গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণের ঘটনা

গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণের ঘটনা © টিডিসি সম্পাদিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) হল গেটের সামনে শিক্ষার্থীদের লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হল গেটসংলগ্ন লিপুস ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো শিক্ষার্থী আহত হয়নি।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে হল গেটসংলগ্ন লিপুস ক্যান্টিনে বসে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে একটি ককটেল গাছে লেগে হল গেটের সামনে পড়ে। অপরটি হল গেটের ভেতরে শিক্ষার্থীদের বসার স্থানের পাশে পড়ে বিস্ফোরিত হয়। পরে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ওই দুই ব্যক্তি।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পুলিশকে বিষয়টি জানান। হল গেটের নিরাপত্তায় দায়িত্বে থাকা এক আনসার সদস্য বলেন, ওরা মূলত ঘোনাপাড়া থেকে আসে। ছাত্র মামারা হল গেটের পাশে বসা ছিল। তখন দুজন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে আসে। তারা রাস্তার পাশের অন্ধকার জায়গায় থাকায় আমি তাদের ভালোভাবে দেখতে পারিনি। পরে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির একজন দুটি ককটেল নিক্ষেপ করে। 

তিনি আরও বলেন, একটি ককটেল গাছে লেগে হল গেটের সামনে পড়ে এবং আরেকটি ককটেল ছাত্র মামাদের উদ্দেশ্যে নিক্ষেপ করা হয়। সেটি হল গেটের ভেতরে ছাত্র মামাদের থেকে কিছুটা দূরে পড়ায় কোনো শিক্ষার্থী আহত হয়নি। মোটরসাইকেলটি লালচে-খয়েরি রঙের ছিল। পরে তারা দ্রুত মোটরসাইকেলে করে যেদিক দিয়ে এসেছিল, সেদিকেই চলে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব বলেন, শিক্ষার্থীদের নিত্য আড্ডাস্থলেই আজ ককটেল নিক্ষেপ করা হয়েছে। প্রথমবারের হামলায় দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই আবারও হামলাকারীরা সাহস পেয়েছে। শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি দিন দিন বাড়ছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আরিফুল ইসলাম বলেন, আমরা আগামীকাল ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে টহল দিচ্ছিলাম। যেহেতু আগামীকাল স্থানীয় তিনজন সংসদ সদস্য বিশ্ববিদ্যালয়ে আসবেন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আজ ক্যাম্পাসে টহল দেওয়া হচ্ছিল। যখন আমরা এই ঘটনার কথা জানতে পারি, তখন ৭–৮ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই এবং পুলিশকে খবর দিই।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আজকের ঘটনার ব্যাপারে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামনে একটি অস্থায়ী পুলিশ বক্স স্থাপন এবং সারারাত পুলিশি টহলের ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়জুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টো…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬