উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি © টিডিসি ছবি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিট থেকে এ রিপোর্ট প্রকাশ করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন তারা।
জানা যায়, সকালে চুয়েটের প্রধান ফটকে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা মূল ফটকে তালা দিয়ে সেখানে বিক্ষোভ শুরু করেন। এ সময় ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই; ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই; ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’—এ ধরনের স্লোগান দেন তারা।
সরেজমিনে দেখা গেছে, বৃষ্টি হওয়া সত্ত্বেও শিক্ষার্থীরা প্রধান ফটক ছাড়েননি। অনেক শিক্ষার্থী ছাতা নিয়ে অবস্থান নিয়ে আছেন।
বিক্ষোভরত শিক্ষার্থীদের মধ্যে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, ‘আমাদের উপাচার্য আবু সাদাত মোহাম্মদ সায়েম স্যারকে পূর্ব কোনো কারণ দর্শানো ছাড়াই সরিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল রাত থেকেই আমাদের প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই প্রেক্ষিতে আজ আমরা ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেন তারা।