অভিযুক্ত আনারুল মিয়া © টিডিসি সম্পাদিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামের এক বহিরাগত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, টিউশন শেষে হেঁটে হলে ফেরার সময় একটি মোটরসাইকেল নিয়ে অভিযুক্ত যুবক তাকে অনুসরণ করতে শুরু করেন। একপর্যায়ে মোটরসাইকেল থামিয়ে অশালীন মন্তব্য করেন এবং মোবাইল নম্বর ও বন্ধুত্ব করার প্রস্তাব দেন। পরে ভুক্তভোগী দ্রুত বন্ধুদের বিষয়টি জানালে শিক্ষার্থী ও হলের নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে মোটরসাইকেলসহ আটক করেন।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এহসান ফেরদৌস মাহিন বলেন, ‘রাত ১১টার দিকে আমার এক বন্ধু আমাকে ফোন দেন। পরে কল ব্যাক করলে তিনি কান্না করে জানান, একজন মোটরসাইকেল নিয়ে তাকে শিস মারছেন ও উত্ত্যক্ত করছেন। আমরা তখন যারা ছিলাম, দ্রুত মোটরসাইকেল নিয়ে সেখানে যাই। গিয়ে দেখি হলের নিরাপত্তাকর্মীরা ওই বাইকারকে ধরে রেখেছেন। পরে তাকে প্রক্টরের কাছে হস্তান্তর করা হয়।’
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী শোয়াইবুর রহমান বলেন, ‘আমরা টিচার্স কোয়ার্টারের সামনে তাকে আটকাই। পরে আরও অনেক শিক্ষার্থী সেখানে আসেন। এরপর তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।’
আরও দেখুন: ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, ‘আমরা অভিযুক্তকে পুলিশের কাছে দিয়েছি। দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তার নিরাপত্তার বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে দেখব।’
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ক্যাম্পাসের অভ্যন্তরীণ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকা এবং রাত ১১টার পর অটোরিকশার চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের রাতকালীন যাতায়াতে ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্ধকার সড়কগুলোতে দ্রুত আলোর সুব্যবস্থা করা এবং রাতের বেলা নিরাপদ যাতায়াতের কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।