বাসে ট্র্যাকিং, অনলাইনে ফি পরিশোধসহ ৬ দাবি পাবিপ্রবি ছাত্রদলের © সংগৃহীত
বিশ্ববিদ্যালয়ের বাসে ভেহিকল ট্র্যাকিং ব্যবস্থা চালু, সব ধরনের ফি অনলাইনে পরিশোধের সুযোগ এবং একাডেমিক ভবনগুলোতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করাসহ ছয় দফা দাবি জানিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদল।
আজ সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দেয় সংগঠনটি। একই সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসানের কাছেও স্মারকলিপি দেওয়া হয়।
ছাত্রদলের ছয় দফা দাবির মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ম্যুরাল সংস্কার ও পুনরুদ্ধার, বিশ্ববিদ্যালয়ের বাসে ভেহিকল ট্র্যাকিং ব্যবস্থা চালু, পরীক্ষার ফি ও হল ফিসহ সব ধরনের ফি অনলাইনে পরিশোধের ব্যবস্থা, জুলাই-৬ ও গণতন্ত্র হলের শিক্ষার্থীদের জন্য ফ্যানের সংযোগ, একাডেমিক ভবনগুলোতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বাসের সংখ্যা বৃদ্ধি করা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ফসিউল হক ইমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ওলী উল্লাহ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক সজলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ফসিউল হক ইমন বলেন, শিক্ষার্থীদের এসব মৌলিক সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসান বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক প্রয়োজনে পাবিপ্রবি ছাত্রদল সব সময় কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের অধিকার ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।