গোবিপ্রবিতে নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য

২০ মে ২০২৬, ১২:৪২ PM
বিশ্ববিদ্যালয়ের একমাত্র লেক

বিশ্ববিদ্যালয়ের একমাত্র লেক © টিডিসি ফটো

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্যের বাসভবন ও কফি হাউজের মাঝামাঝি স্থানে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের একমাত্র লেকটি এখন অযত্ন ও অবহেলার প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে। একসময় বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত এই লেকটি বর্তমানে কচুরিপানা, জলজ আগাছা ও ময়লা-আবর্জনায় ভরে গিয়ে হারাচ্ছে তার স্বাভাবিক সৌন্দর্য।

যেখানে একসময় স্বচ্ছ পানিতে ঝলমল করত লেকটি, চারপাশে বসে শিক্ষার্থীরা কাটাতেন অবসর সময়; সেখানে এখন কচুরিপানার দখলে প্রায় পানিই দেখা যায় না। নান্দনিক সৌন্দর্যে ঘেরা এই স্থানটি যেন আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘদিনের অবহেলার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষা শুধু ক্লাস, পরীক্ষা ও পাঠচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়; মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনের ক্ষেত্রেও ক্যাম্পাসের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতামূলক জীবনে শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও স্বাভাবিক বিনোদনের জন্য এমন উন্মুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত প্রয়োজনীয়। অথচ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রশান্তির এই জায়গাটি দিন দিন পরিণত হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে।

দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে পুরো লেকজুড়ে ছড়িয়ে পড়েছে কচুরিপানা ও আগাছা। বিভিন্ন স্থানে জমে আছে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য। এছাড়া দীর্ঘদিনের ময়লা পানির কারণে বাড়ছে মশা, পোকামাকড় ও বিষাক্ত সাপের উপদ্রব। একই সঙ্গে হুমকির মুখে পড়ছে লেকের মাছসহ নানা জলজ জীববৈচিত্র্য।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শামীমা বলেন, “সারাদিনের ব্যস্ততা শেষে মুক্তভাবে একটু শ্বাস নেওয়ার জায়গা হচ্ছে এই লেকপাড়। এটি আমাদের ক্যাম্পাসের অন্যতম সুন্দর স্থান, কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি অবহেলিত। স্বচ্ছ পানি তো দূরের কথা, কচুরিপানার কারণে পানিই দেখা যায় না। প্রশাসনের উচিত দ্রুত লেকটি পরিষ্কার করে এর সৌন্দর্য ফিরিয়ে আনা।”

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাবরুল শেখ বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম সুন্দর একটি স্থান হলো লেকপাড়। সকাল-বিকেল শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে এটি একটি পছন্দের জায়গা। এখানে বসে আমরা কিছুটা মানসিক প্রশান্তি খুঁজে পাই। কিন্তু দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে লেকপাড়ের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। লেকে পর্যাপ্ত পানি নেই, পরিবেশও পরিষ্কার-পরিচ্ছন্ন নয়। পুরো লেকজুড়ে ছড়িয়ে পড়েছে কচুরিপানা। দ্রুত লেকপাড়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট দপ্তরে যোগাযোগ করা হলে সহকারী রেজিস্ট্রার নিজামুল হক চৌধুরী বলেন, “কিছুদিন আগে লেকপাড়ের চারপাশের ময়লা পরিষ্কার করা হয়েছে। তবে লেকের ভেতরের অংশ এখনো পরিষ্কার করা হয়নি। কারণ সেখানে বেশ কিছু পদ্মফুল রয়েছে, যা সামনে ফুটবে। এছাড়া লেকের পানিও বর্তমানে অনেক বেশি অপরিষ্কার ও নোংরা। এ কারণে বিশ্ববিদ্যালয়ের মালিরা পানিতে নেমে পরিষ্কার করতে চান না।”

তিনি আরও জানান, “লেকটি পরিষ্কারের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে বাজেট চেয়ে আবেদন করা হয়েছে। খুব শিগগিরই বাজেট পাওয়া গেলে বাইরে থেকে শ্রমিক এনে দ্রুত লেকটি পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে। সেক্ষেত্রে পদ্মফুলগুলো রেখে বাকি অতিরিক্ত ময়লা পরিষ্কার করার চেষ্টা করা হবে।”

সরকারের প্রতিশ্রুতি ও শিক্ষা বাজেট
  • ২০ মে ২০২৬
দুদকের মামলায় ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন …
  • ২০ মে ২০২৬
কারিকুলামে বড় পরিবর্তন আসছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • ২০ মে ২০২৬
পাবনায় ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক
  • ২০ মে ২০২৬
গোবিপ্রবিতে নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য
  • ২০ মে ২০২৬
এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081