সংবাদ সম্মেলনে আইসিভিসি আয়োজক কমিটির সদস্য সচিব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. এম. জহিরুল ইসলাম। © হাবিব রহমান
বাংলাদেশে প্রথমবারের মত আন্তর্জাতিক উপাচার্য সম্মেলন হতে যাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ইন্টারন্যাশনাল কনভেনশন অব ভাইস চ্যান্সেলরস: নর্থ-ইস্টার্ন ইউনিভার্সিটিস অব বাংলাদেশ এন্ড ইন্ডিয়া (আইসিভিসি) শিরোনামে ভারত ও বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ২৩টি বিশ্ববিদ্যালয়ের ২৪ জন মিলে উপাচার্য এবং আচার্যকে নিয়ে আগামী ৬ এপ্রিল (শনিবার) শাবিপ্রবিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান আইসিভিসি আয়োজক কমিটির সদস্য সচিব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. এম. জহিরুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতায় আগামী ০৬ এপ্রিল শাবিপ্ৰবির সেন্ট্রাল অডিটোরিয়ামে দিনব্যাপী আইসিভিসি সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ১৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একজন আচার্য এবং বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেটের ৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়াও আইসিভিসির ‘দ্যা কনভেনশন’ সেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান৷
তিনি আরো জানান, দেশের কিছু শিক্ষাবিদ ও শিক্ষা উদ্যোক্তা এবং শাবিপ্রবির সকল শিক্ষক ও সিনিয়র কর্মকর্তাদের এ কনভেনশনে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে৷ এছাড়াও শাবিপ্রবির এমফিল ও পিএইচডি কোর্সের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়ার কথা রয়েছে।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, স্কুল অব এপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজির ডিন এবং আইসিভিসি আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক এ এম এম মোকাদ্দেছ।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা আশা করছি দেশে প্রথমবারের মতো আয়োজিত এ ধরণের কনভেনশনে এ অঞ্চলের বিশ্ববিদ্যালয় গুলোর সার্বিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা প্রশাসনিক কার্যক্রমের তথ্য মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি নতুন দ্বার উন্মোচিত হবে৷ এ বিষয়ে আমরা সবার সহযোগিতা কামনা করছি৷