© সংগৃহীত
অনিশ্চয়তা কাটিয়ে পর্তুগালের ইউনিভার্সিটি অব পোর্টোতে অনুষ্ঠিতব্য প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট’ (আইসিপিসি)-২০১৮ আসরে অংশগ্রহন করবে দেশসেরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) টিম ‘সাস্ট ডেসিফ্রেডর’ এর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ভিসা নিশ্চিত হওয়ায় তাদের প্রতিযোগীতায় অংশগ্রহনের বাধা দূর হয়।
নানা প্রচেষ্টায় বৃহস্পতিবার তাদের ভিসা দিতে রাজি হয় ঢাকার ফ্রান্স দূতাবাস। ফলে প্রতিযোগিতায় অংশ নিতে আগামী শনিবার পর্তুগালের উদ্দেশে রওনা দিচ্ছেন সাস্ট ডেসিফ্রেডরের সদস্যরা।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন টিম সাস্ট ডেসিফ্রেডরের সহকারী কোচ ও শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী।
তিনি বলেন, অবশেষে ভিসা পেয়েছি। অনেক ভালো লাগছে। আমরা সবাই প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম৷ শেষ পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের উপাচার্যসহ যারা যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এর আগে, ভিসা জটিলতায় প্রতিযোগীতাটিতে অনিশ্চিত হয়ে পড়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) টিম সাস্ট ডেসিফ্রেডরের অংশগ্রহন।
টিম সূত্র জানায়, গত ২২ জানুয়ারি প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র পান টিমের ১৩ জন সদস্য। বাংলাদেশে পর্তুগালের দূতাবাস না থাকায় গত ২১ ফেব্রুয়ারি ঢাকায় ফ্রান্সের দূতাবাসে সেনজেন ভিসার আবেদন করেন টিমের পাঁচজন সদস্য। আবেদনপত্রে আমন্ত্রণপত্র, হোটেল বুকিং লেটার, বিমান টিকিট বুকিংয়ের কাগজপত্রসহ প্রয়োজনীয় তথ্য জমা দেন। কিন্তু ৪ মার্চ ফরাসি দূতাবাস তাদের ভিসা আবেদন বাতিল করে।
কারণ হিসেবে দুইটি বিষয় উল্লেখ করা হয়। প্রথমত, জমা দেয়া তথ্য, উদ্দেশ্য এবং শর্তের জন্য সমর্থনযোগ্য তথ্য নির্ভরযোগ্য ছিল না। দ্বিতীয়ত, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দলটির সদস্যরা পর্তুগাল ছেড়ে আসার নিশ্চয়তা না দেয়া।
টিম সাস্ট ডেসিফ্রেডরের সদস্যরা হলেন- সিএসই বিভাগের শিক্ষার্থী মওদুদ আহমেদ খাঁন, জুবায়ের আরাফ ও অভিষেক পাল। আর তাদের সহকারী কোচ বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী ও প্রভাষক মেহেদী হাসান নাহিদ।
সাস্ট ডেসিফ্রেডর টিমের সদস্য মওদুদ শাহরিয়ার বলেন, বিশ্ব আসরে অংশ নেয়ার সুযোগ করে দেয়ায় আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। আমরাও সর্বোচ্চ চেষ্টা করব ভালো করার। প্রোগ্রামিংয়ে দেশের নাম উজ্জ্বল করার।
আগামী ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্তুগালের ইউনিভার্সিটি অব পোর্টোতে অনুষ্ঠিতব্য আইসিপিসি চূড়ান্ত পর্বে বিশ্বের ১১১টি দেশের ৩১০০ বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ৫৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর দেশে বাছাই পর্বে ১০১টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আইটি ইন্সটিটিউটের ২৯৮টি দল অংশগ্রহণ করে। সেখানে চ্যাম্পিয়ন হয় শাবিপ্রবির দল। দলটির সদস্য মওদুদ খান শাহরিয়ার, জুবায়ের আরাফ ও অভিষেক পাল। তাদের মেন্টর ও গাইড হিসেবে যাবার কথা ছিল শাবিপ্রবির সিএসই বিভাগে সহযোগী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রর্বতী এবং প্রভাষক মেহেদী হাসান নাহিদের।