শাবিপ্রবিতে সিইপি বিভাগের রজত জয়ন্তী উৎসব

২৮ মার্চ ২০১৯, ০৬:২৬ PM
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্সের ২৫ বছর পূর্তির শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্সের ২৫ বছর পূর্তির শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। © হাবিব রহমান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে দু’দিনব্যাপী রজত জয়ন্তী উৎসব শুরু হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনের মাধ্যমে এ উৎসব শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিইপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইঞ্জি. সালমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এমিরেটাস অধ্যাপক ড. ইকবাল মাহমুদ। এছাড়া অনুষ্ঠানের চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে অধ্যাপক ড. ইকবাল মাহমুদ বলেন, কেমিক্যাল বিদ্যা নিয়ে পড়াশোনাকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হিসেবে স্বীকৃতি দেয়ার প্রক্রিয়াটা মোটেই সহজ ছিলো না। বর্তমানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনেক বৈচিত্রতা এসেছে। এ বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি পলিমার সায়েন্স পড়ানোর বিষয়টা ইউনিক।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের গ্র্যাজুয়েটরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছে। তারা ঐ প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিচ্ছে। তবে এ্যালামনাই চাইলে বিভাগের ভৌত অবকাঠামো থেকে শুরু করে লেখাপড়ার মান পরিবর্তন করতে পারে বলে এমনটাই মন্তব্য করেন উপাচার্য। পরে সিইপি বিভাগের এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি সিইপি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদিন, ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশন বাংলাদেশের (আইইবি) সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, সাবেক বিভাগীয় প্রধান ও সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শেখ আকবর হাকিম প্রমুখ।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিইপি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও রজত জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মস্তাবুর রহমান ও সদস্য সচিব অধ্যাপক ড. মো. সালাতুল ইসলাম মজুমদার। এছাড়া অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

শিক্ষকরা কেক কেটে উদযাপন করছেন। ছবি: হবিব রহমান 

অন্যদিকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ১টার দিকে কেন্দ্রীয় মিলনায়তনের সামনে ২৫বছর পূর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একই স্থান থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। যা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এসময় শোভাযাত্রায় আমন্ত্রিত অতিথি, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উৎসবে ‘টুয়েন্টি ফাইভ ইয়ারস অব সিইপি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ ও ২৯ মার্চ দুই দিনব্যাপী আয়োজনে রয়েছে, ফটো সেশন, ওপেন স্টেজ প্রোগ্রাম, গেম শো, পিঠা উৎসব, এলামনাই এসোসিয়েশন গঠন, বিভাগ ও এলামনাই এসোসিয়েশনের আলোচনা ও পুরষ্কার বিতরণী । এছাড়া সিইপি বিভাগের শিক্ষার্থীদের নিজস্ব পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ০৬ আগস্ট ২০২৬
দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে চলছে নানা সম…
  • ০৬ আগস্ট ২০২৬
পদ ফিরে পেলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি
  • ০৬ আগস্ট ২০২৬
বহিষ্কৃত ছয় নেতাকে দলে ফেরাল বিএনপি
  • ০৬ আগস্ট ২০২৬
চিকিৎসক ছাড়াই চলছে স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার নিয়োগে অনেক খ…
  • ০৬ আগস্ট ২০২৬
সিঙ্গারা-সমুচা খাওয়ানোর প্রলোভন, স্কুল শিক্ষার্থীদের মিছিলে…
  • ০৬ আগস্ট ২০২৬