© সংগৃহীত
বিশ্ববিদ্যালয়গুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হওয়া উচিত নয় বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ (বিপু)। সোমবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল বিল্ডিং এর অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে রোবোটিক্সের উন্নয়নে সহযোগিতা করা হবে। তোমারা এগিয়ে যাও এবং কখনো হতাশ হবে না। তোমাদের জন্য সরকারের প্রচুর ফান্ডিং রয়েছে, তোমরা শুধু আবেদন করো। এছাড়াও মন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলো উদ্দেশ্যে করে বলেন, বিশ্ববিদ্যালয়গুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হওয়া উচিত না।
‘দ্যা ফিউচার অব রোবোটিক্স: চ্যালেঞ্জেস এন্ড অপর্চ্যুনিটিস ফর বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগীয় প্রধান প্রফেসর ড. আশরাফুল ইসলাম এবং মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন সিআরআইডি (ইউএসএ) এর কো-ফাউন্ডার এবং প্রেসিডেন্ট মেহদি শামস।
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের জনাব শাইখ সিরাজ, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং শিক্ষাবিদ প্রফেসর ড. শমসের আলী, জিপিএইচ ইস্পাত লিমিটেডের টেকনিক্যাল এডভাইজার ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশারফ হোসাইন প্রমুখ।