গণ-অভ্যুত্থানের বিপক্ষে থাকা রুয়েটের এক শিক্ষক ও দুই কর্মকর্তাকে বরখাস্ত

০৬ মার্চ ২০২৫, ০৯:৫৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) © ফাইল ফটো

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, আন্দোলন দমনে সংশ্লিষ্টতা ও কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষক ও দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রুয়েট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বরখাস্ত শিক্ষক হলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শংকর সাহা। তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা। অন্য দুই কর্মকর্তা হলেন সহকারী প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম রহমান (নিবিড়), পদার্থবিজ্ঞান বিভাগের ডেটা প্রসেসর কর্মকর্তা ও নগরের শাহ মখদুম থানা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম।

সিন্ডিকেট সভা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া, নির্যাতন-সহিংসতায় সম্পৃক্ততা, আওয়ামী সরকারের দলীয় এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখার অভিযোগ আছে ওই তিনজনের বিরুদ্ধে। তাঁরা ৫ আগস্টের পর বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় সিন্ডিকেট তাঁদের বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

বরখাস্ত নাঈম রহমান ও মহিদুল ইসলামের গত ৪ আগস্ট ধারালো অস্ত্রসহ রুয়েটের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে ধাওয়া ও বোমা হামলায় অংশ নেওয়ার সংশ্লিষ্টতা আছে। পাশাপাশি ইতিপূর্বে বরখাস্ত শিক্ষক সিদ্ধার্থ শংকর সাহা জুলাইবিরোধী অবস্থান নিয়ে আহত ও নিহত ব্যক্তিদের অবমাননার অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়েছিল। তাঁকে বরখাস্তের দাবিতে আন্দোলন ও প্রশাসনের কাছে আবেদনপত্র দিয়েছিলেন শিক্ষার্থীরা।

টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬