শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি ফাইল ছবি
নতুন করে আরও ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে একাডেমিক স্বীকৃতি ও সাতটিতে পাঠদানের অনুমোদন দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি ঢাকা, রাজশাহী, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির জন্য আবেদন করেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩) অনুযায়ী প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করতে হবে।
এতে আরও বলা হয়, পরিদর্শনের পর নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন প্রস্তুত করে তা সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে। প্রতিবেদনে নবম ও দশম শ্রেণির বিভাগভিত্তিক শিক্ষার্থী সংখ্যা, মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের তথ্য এবং পরিদর্শন কর্মকর্তার সুস্পষ্ট মতামত দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতিবেদনের তথ্যের পক্ষে প্রয়োজনীয় প্রামাণ্য কাগজপত্র সংযুক্ত করতে হবে।
তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—নেপালতলী উচ্চ বিদ্যালয়, গাবতলী, বগুড়া; পিস ইসলামিক স্কুল, রংপুর সদর, রংপুর; বালিগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, ধোবাউড়া, ময়মনসিংহ; নৈহাটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বারহাট্টা, নেত্রকোণা; আলিফ বিজ্ঞান ও কারিগরি স্কুল, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
এর মধ্যে দুটি প্রতিষ্ঠান মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি ও একটি প্রতিষ্ঠান পাঠদানের অনুমতি চেয়েছে। এছাড়া একটি প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতির আবেদন করেছে। পাশাপাশি নিম্ন মাধ্যমিক পর্যায়ে একটি প্রতিষ্ঠান স্থাপন ও পাঠদানের অনুমতি চেয়েছে।

