শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করাবে চট্টগ্রাম জেলা প্রশাসন

২৪ আগস্ট ২০২০, ০২:৫১ PM

© ফাইল ফটো

চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে দীর্ঘ ৫ মাস ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এর আগে কয়েক দফায় ছুটি বাড়িয়ে তা করা হয়েছে ৩১ আগস্ট পর্যন্ত। তবে সেপ্টেম্বরেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না বলে শিক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে। ফলে এমন পরিস্থিতিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সমন্বিত অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করতে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

আজ সোমবার সকালে অতিরিক্ত ডিসি (শিক্ষা ও আইসিটি) এজেডএম শরীফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সমন্বিত অনলাইন শিক্ষা কার্যক্রমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গণিতসহ পাঁচটি বিষয়ের ওপর ক্লাস থাকবে। এছাড়া নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক ক্লাসসহ মোট ১৩টি বিষয়ের ওপর ক্লাস নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জুম অ্যাপস এবং ফেসবুকের মাধ্যমে পরিচালনা করা হবে এই অনলাইন শিক্ষা কার্যক্রম।

কার্যক্রম পরিচালনা করতে ইতোমধ্যে নগরের সরকারি স্কুলের বাছাইকৃত শিক্ষকদের নিয়ে প্রতিটি বিষয়ের জন্য ১০ জন করে ‘শিক্ষক প্যানেল’ গঠন করা হয়েছে। প্রতি সপ্তাহের শুরুতে ক্লাস রুটিন প্রকাশের পর দৈনিক ৪ থেকে ৬টি বিষয়ের ওপর ঘণ্টাব্যাপী ক্লাস নেবেন এসব শিক্ষকরা।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এজেডএম শরীফ হোসেন জানান, করোনার কারণে থমকে যাওয়া শিক্ষাকার্যক্রমে গতি আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করা হচ্ছে।

এজেডএম শরীফ হোসেন বলেন, প্রতি সপ্তাহের শুরুতে আমরা জেলা প্রশাসনের ফেসবুক পেইজে একটি ক্লাস রুটিন প্রকাশ করবো। রুটিনে উল্লেখিত নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট বিষয়ে জুম অ্যাপসের মাধ্যমে শিক্ষক ক্লাস নেবেন।

জেলা প্রশাসক বলেন, ধরুন- কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির গণিতের একজন শিক্ষক জুম অ্যাপসের মাধ্যমে তার স্কুলের শিক্ষার্থীদের জন্য লেকচার দেবেন। সেটা আমরা শেয়ারিং এর মাধ্যমে জেলা প্রশাসনের ফেসবুক পেইজে লাইভ দেবো। শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক কথা বলার সুযোগ সেখানে থাকবে।

তিনি আরো বলেন, স্কুলের শ্রেণিকক্ষে যেমন শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে শ্রেণিকার্যক্রম পরিচালিত হয়, আমাদের এই সমন্বিত অনলাইন শিক্ষাকার্যক্রমেও ভার্চুয়াল শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ থাকবে। অনলাইনের মাধ্যমে যে কোনো শিক্ষার্থী অংশ নিতে পারবে।

 

এসএসসি রেজাল্টের পর শিক্ষার্থীদের করণীয়
  • ০৯ আগস্ট ২০২৬
কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, ব…
  • ০৯ আগস্ট ২০২৬
৪২ ঋণখেলাপীর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম শুরু
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল ওলি
  • ০৯ আগস্ট ২০২৬
হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • ০৯ আগস্ট ২০২৬
দেশে মোট ভোটারের সংখ্যা জানাল নির্বাচন কমিশন
  • ০৯ আগস্ট ২০২৬