স্কুল কবে খুলবে, পরীক্ষা কবে হবে, কীভাবে নেবে?

২৫ জুলাই ২০২০, ১০:৩৪ AM

© ফাইল ফটো

মহামারি করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম অনুযায়ী প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার সময় পেরিয়ে গেলেও কোন সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি এখনও। আর বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের এই অবস্থায় নানা দুশ্চিন্তায় আছেন অভিভাবকরা।

গত ১৭ই মার্চ থেকে বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ হয়ে যায় চট্টগ্রামের বাসিন্দা ইভা রোজারিওর দুই ছেলের স্কুলও। করোনা পরিস্থিতির কারণে ৬ই আগস্টের পর স্কুল খুলবে কিনা, দীর্ঘ সময় ক্লাস না হওয়ায় তার ছেলেরা আবার পরের ক্লাসে উঠতে পারবে কিনা, সেটা নিয়ে তিনি উদ্বেগে আছেন। তাই এমন পরিস্থিতিতে সরকারকে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন মিসেস রোজারিও।

তিনি বলেন, স্কুল কবে খুলবে, পরীক্ষা কবে হবে, কিভাবে নেবে, সেটার ব্যাপারে আমাদের কোন ধারণা দেয়া হয়নি। সরকার আমাদেরকে একটা সিদ্ধান্ত জানাক যেন আমরা ছেলেমেয়েদেরকে নিয়ম মোতাবেক তৈরি করতে পারি। না হলে অনেক দেরী হয়ে যাবে। বাচ্চারা টেনশনে পড়বে।

এর আগে পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের প্রোমোশন দিয়ে পরের শ্রেণীতে উত্তীর্ণ করার বিষয়টি সামনে এলেও সেখানে মেধার সঠিক মূল্যায়নের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। তারা বলছেন, একেক শ্রেণিতে মূল্যায়ন পদ্ধতি একেকরকম হওয়ায় গণহারে প্রমোশন দেয়া বেশ জটিল।

এদিকে গত মাসে এক ভিডিওবার্তায় শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, চলতি শিক্ষাবর্ষ আগামী মার্চ মাস পর্যন্ত বাড়ানো হতে পারে। সেই সাথে পরের শিক্ষাবর্ষ কমিয়ে নয় মাস করার কথা ভাবা হচ্ছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত আসে নি। সব মিলিয়ে পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলো চেষ্টা করছে এ বছরের মধ্যেই শিক্ষাবর্ষ শেষ করার।

তবে মহামারি করোনা পরিস্থিতি বিবেচনা করে যদি ছুটি বাড়ানো হয় তাহলে এই শিক্ষাবর্ষ মার্চ মাস পর্যন্ত বাড়ানো নিয়েও আলোচনা হচ্ছে বলে জানান আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক জিয়াউল হক।

সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মূলত দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হবে, প্রথমত, শিক্ষার্থীদের নিরাপত্তা যেন নিশ্চিত করা যায় এবং দ্বিতীয়ত মেধার মূল্যায়নের দিকটি যেন আপোষ করতে না হয়। তবে কবে নাগাদ সিদ্ধান্ত আসতে পারে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

এছাড়াও চলতি শিক্ষাবর্ষ বাড়ানো হলে আগে যেমন নভেম্বর ডিসেম্বরে সমাপনী পরীক্ষা হতো সেই পরীক্ষা হবে সামনের বছরের ফেব্রুয়ারি বা মার্চে হবে।অন্যদিকে সামনের শিক্ষাবর্ষ ১২ মাস থেকে ৯ মাসে নামিয়ে আনার কথা ভাবা হচ্ছে। উল্লেখ্য একটি শিক্ষাবর্ষে ১৪০ দিনের মতো পড়ানো হয়। বাকিটা ছুটি থাকে। তাই পরের শিক্ষাবর্ষের সমাপনী পরীক্ষা যেন ডিসেম্বরেই নেয়া যায়, সে জন্য সিলেবাস কমানোর পাশাপাশি ঐচ্ছিক ছুটি বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

সিদ্ধান্ত যাই আসুক সেটা সময় নিয়ে চূড়ান্ত করে একটি পরিপূর্ণ ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের ওপর জোর দিয়েছেন গণস্বাক্ষরতা অভিযানের পরিচালক এবং সাবেক শিক্ষা উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী। তিনি বলেন, "দেরি করে হলেও একটা বিকল্প সমাধানের কথা ভাবতে হবে, শিক্ষা কার্যক্রম পুনরুদ্ধারে বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন দেশের উদাহরণটা নেয়া যেতে পারে। তবে মূল লক্ষ্য হবে শিক্ষক, শিক্ষার্থী বা শিক্ষা প্রতিষ্ঠান যেন ঝুঁকির মুখে না পড়ে।"

তার মতে, এই মহামারির কারণে তিনটি ক্ষেত্র ক্ষতির মুখে পড়েছে। সেটি হলো প্রথমত শিক্ষা পঞ্জিকা এলোমেলো হয়ে গেছে। সেটাকে একটি ব্যবস্থাপনায় আনতে হবে। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের মূল্যায়ন প্রক্রিয়া অর্থাৎ পরীক্ষা কিভাবে নেয়া হবে সেই বিষয়ে যৌথ সিদ্ধান্তে আসতে হবে। এক্ষেত্রে তিনি সিলেবাস সংকুচিত করে একসাথে কয়েকটি বিষয়ের ওপর পরীক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন। সবশেষে, স্কুল যখন খোলা হবে তখন কি ধরণের ব্যবস্থাপনার আওতায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে সে বিষয়টিকে নীতিমালায় যুক্ত করার কথা জানান মিসেস চৌধুরী।

এদিকে করোনা পরিস্থিতির কারণে দেশে অনলাইন ক্লাসের পাশাপাশি প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরির সংসদ টিভিতে ক্লাস সম্প্রচার হলেও শতভাগ শিক্ষার্থীর দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। এজন্য স্কুল কার্যক্রম কিভাবে একটি শৃঙ্খলার আওতায় আনা যায় সেটার ওপরই গুরুত্ব দেয়া হচ্ছে।

তবে করোনা পরিস্থিতি স্বাভাবিকে এলেই ১৫ দিন পর এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এই ১৫ দিন শিক্ষার্থীদের নোটিশ দিতে হবে। কিভাবে অল্প সময়ে, অল্প সংখ্যক পরীক্ষা নেয়ার বিষয়টি নিয়েও তিনি ভাবছেন বলে জানিয়েছেন।

 

সূত্র: বিবিসি বাংলা 

রাজধানীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950