রাজশাহী শিক্ষা বোর্ড © সংগৃহীত
এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল মূল্যায়নে ‘ঘষামাজা’র অভিযোগ নিয়ে ব্যাখ্যা দিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড কর্তৃপক্ষ বলছে, পুনঃনিরীক্ষণ কার্যক্রম প্রচলিত বিধি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন হয়েছে। এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদকে ‘ভিত্তিহীন’ বলেও উল্লেখ করেছে বোর্ড।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব ব্যাখ্যা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশের পর শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রচলিত বিধি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ফল পুনঃনিরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে পুনঃনিরীক্ষণ কার্যক্রম নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে উল্লেখ করে বোর্ড জানায়, এসব বিষয় তাদের দৃষ্টিগোচর হয়েছে। তবে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন’ হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
বোর্ডের ব্যাখ্যায় বলা হয়, রাজশাহী শিক্ষা বোর্ড একটি জনগুরুত্বপূর্ণ ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ের বাধ্যবাধকতা, আবেদনের তুলনামূলক বেশি সংখ্যা এবং শিক্ষাবর্ষের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম, উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও জরুরি প্রশাসনিক কাজ প্রয়োজন অনুযায়ী অফিস সময়ের পরও অব্যাহত রাখা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জরুরি ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা মেনে চলার স্বার্থে রাতের বেলায়ও বোর্ডের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তাই রাতে বোর্ডের কার্যক্রম চলাকে বিশেষ কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। শিক্ষার্থীদের ফলাফল অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। কোনো শিক্ষার্থী যেন ভুল মূল্যায়নের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করাই বোর্ডের অন্যতম প্রধান দায়িত্ব।
সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড শিক্ষা-সংক্রান্ত যেকোনো বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সহযোগিতা কামনা করছে। একই সঙ্গে রাতের বেলায় চলমান জরুরি ও রুটিনভিত্তিক প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে অন্য কোনো বিশেষ প্রেক্ষাপটে বা ভিন্নভাবে উপস্থাপন না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানাচ্ছে বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী শিক্ষা বোর্ড সবসময় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় বদ্ধপরিকর। একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সর্বসাধারণকে কোনো ধরনের গুজব বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর আবারও খাতা যাচাইয়ের অভিযোগ উঠেছে। ওইদিন দিবাগত রাতে ২৭ জন শিক্ষককে বোর্ডে ডেকে এনে বিভিন্ন বিষয়ের খাতা পুনরায় যাচাই করা হয় বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।