বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারির চলতি মাসের এমপিও সভা আগামী সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা আয়োজন করা হবে। পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তিনজন প্রতিনিধি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর একজন, অধিদপ্তরের নয়টি আঞ্চলিক উপপরিচালকসহ ত্রিশ জনেও বেশি কর্মকর্তা অংশ নেবেন।
শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিতব্য সভায় এমপিওর আওতাভুক্ত শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, বিএড বা কামিল স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
প্রতি বিজোড় মাসে একবার এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। গত কয়েকমাসে যারা শূন্য পদের বিপরীতে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেন তাদেরকে এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া মামলা-মোকদ্দমার কারণে পেন্ডিং থাকা এমপিওর বিষয়েও সিদ্ধান্ত হয়। আর এমপিও আবেদন করা নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আবেদন এ সভায় নিষ্পত্তি করা হবে।