রাজধানীর সড়কে নামছে জোবাইক

০৮ আগস্ট ২০২৬, ০৭:৪৯ PM
বাইসাইকেল শেয়ারিং প্ল্যাটফর্ম জোবাইক

বাইসাইকেল শেয়ারিং প্ল্যাটফর্ম জোবাইক © সংগৃহীত

ঢাকা মেট্রোরেলের যাত্রীদের ফার্স্ট-মাইল ও লাস্ট-মাইল যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে বাইসাইকেল শেয়ারিং সেবা চালু করছে অ্যাপভিত্তিক প্ল্যাটফর্ম ‘জোবাইক’। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে এমআরটি লাইন-৬-এর স্টেশনগুলোতে এই সেবা চালু হতে যাচ্ছে। উন্মুক্ত দরপত্রে অংশ নিয়ে কার্যাদেশ পাওয়ার পর গত ৬ আগস্ট দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

প্রথম ধাপে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ—এই তিনটি মেট্রো স্টেশনে ১৫০ থেকে ৩০০টি প্যাডেল বাইসাইকেল নিয়ে ছয় মাসের একটি পাইলট প্রকল্প শুরু করবে জোবাইক। এই সেবার ফলে উত্তরা রাজউক অ্যাপার্টমেন্ট প্রজেক্ট, রূপায়ণ সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও বিইউএফটির শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা সরাসরি উপকৃত হবেন। পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে লাইন-৬-এর অন্যান্য স্টেশনেও পার্কিং হাব ও বাইসাইকেলের সংখ্যা বাড়ানো হবে।

সেবাটি ব্যবহারের প্রক্রিয়া একেবারেই সহজ রাখা হয়েছে। যাত্রীরা মেট্রো স্টেশনের নির্ধারিত পার্কিং হাব থেকে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে কিউআর (QR) কোড স্ক্যান করে বাইসাইকেল আনলক করতে পারবেন এবং গন্তব্যে পৌঁছে নিকটস্থ জোবাইক হাবে রেখে দিতে পারবেন। এই রাইডে প্রতিবার আনলকিং ফি ২ টাকা এবং প্রতি মিনিটের জন্য ১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

জোবাইকের প্রতিষ্ঠাতা ও সিইও মেহেদী রেজা জানান, প্রতিদিন মেট্রোরেলের প্রায় চার লাখ যাত্রীর স্টেশন থেকে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে রিকশার বাইরে একটি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিকল্প দরকার ছিল। জোবাইক সেই শূন্যতা পূরণের পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতেও ভূমিকা রাখবে। সেই সাথে একটি বাইসাইকেল-বান্ধব নগরী গড়ে তুলতে তিনি সরকারের কাছে ডেডিকেটেড সাইকেল লেন তৈরির সহযোগিতা কামনা করেন।

২০১৮ সালে কক্সবাজারে যাত্রা শুরু করা জোবাইকের কার্যক্রম করোনাভাইরাস মহামারির কারণে থমকে গিয়েছিল। তবে চলতি বছরের জুনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ই-বাইক চালুর পর এবার মেট্রোরেলের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে বড় পরিসরে ঘুরে দাঁড়াল স্মার্ট রাইড শেয়ারিং প্ল্যাটফর্মটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএমটিসিএলের জেনারেল ম্যানেজার নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, মার্কেটিং ম্যানেজার মো. ওসমান গনি এবং জোবাইকের পক্ষ থেকে সিইও মেহেদী রেজা, বিজনেস ডিরেক্টর শরীফ খানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাবির অধীন সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত
  • ৩১ আগস্ট ২০২৬
চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী গ্রেপ্তার
  • ৩১ আগস্ট ২০২৬
এনবিআরের ৫১ কর্মচারীকে ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ পদে পদোন্ন…
  • ৩১ আগস্ট ২০২৬
চার ধাপে পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত, শুরুতেই বাড়তে পারে ৩০…
  • ৩১ আগস্ট ২০২৬
কক্সবাজারে বাস থেকে ২৪ হাজার ইয়াবা জব্দ, চালক-হেলপার আটক
  • ৩১ আগস্ট ২০২৬
এশিয়া কাপে আজ ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
  • ৩১ আগস্ট ২০২৬