৩৭ বিলিয়ন ডলার ছাড়াল দেশের রিজার্ভ

২৯ জুন ২০২৬, ১০:১২ PM , আপডেট: ২৯ জুন ২০২৬, ১০:১৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

প্রায় চার বছর পর আবারও ৩৭ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে রেকর্ড প্রবৃদ্ধি, রপ্তানি আয়ের ইতিবাচক ধারা এবং বৈদেশিক মুদ্রাবাজারে ধারাবাহিক স্থিতিশীলতার ওপর ভর করে আজ সোমবার (২৯ জুন) দিন শেষে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭.০৫ বিলিয়ন ডলারে। এর আগে সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে দেশের রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী বর্তমানে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.৪৮ বিলিয়ন ডলারে। চলতি মাসের শুরুতে (১ জুন) দেশের মোট রিজার্ভ ছিল ৩৪.৭৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩০.১০ বিলিয়ন ডলার। সেই হিসাবে মাত্র এক মাসের ব্যবধানে মোট রিজার্ভ বেড়েছে প্রায় ২.৩ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী বেড়েছে ২.৩৮ বিলিয়ন ডলার।

যদিও মোট রিজার্ভের পুরো অর্থ সরাসরি ব্যবহারযোগ্য নয়। স্বল্পমেয়াদি বৈদেশিক দায় এবং অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা বাদ দিয়ে নিট বা ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে দেশের প্রকৃত ব্যবহারযোগ্য নিট রিজার্ভের পরিমাণ প্রায় ২৯ বিলিয়ন ডলার। প্রতি মাসে গড়ে প্রায় ৫ বিলিয়ন ডলার আমদানি ব্যয় বিবেচনা করলে, এই রিজার্ভ দিয়ে দেশের প্রায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ন্যূনতম তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতাকে নিরাপদ রিজার্ভ হিসেবে বিবেচনা করা হয়।

এর আগে ২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতিহাসের সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে উঠেছিল। তবে পরবর্তী সময়ে অর্থপাচার, বৈদেশিক মুদ্রার ওপর চাপ ও অন্যান্য কারণে রিজার্ভ দ্রুত কমতে থাকে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় মোট রিজার্ভ নেমে আসে ২৫.৯২ বিলিয়ন ডলারে, আর বিপিএম-৬ অনুযায়ী যা ছিল ২০.৪৮ বিলিয়ন ডলার।

পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করা এবং প্রবাসী আয় বাড়াতে নানা উদ্যোগ নেওয়ায় রিজার্ভ পুনরুদ্ধার শুরু হয়। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার যখন দায়িত্ব নেয়, তখন মোট রিজার্ভ ছিল প্রায় ৩৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল প্রায় ৩০ বিলিয়ন ডলার। এরপর ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় রিজার্ভ আবারও ৩৭ বিলিয়নের ঘরে ফিরল, যা দেশের সামষ্টিক অর্থনীতির জন্য একটি অত্যন্ত স্বস্তিদায়ক খবর।

ব্রাজিলের হলুদ জার্সিতে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২৯ জুন ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ২৯ জুন ২০২৬
নেইমারকে ছাড়া মাঠে নামছে ব্রাজিল
  • ২৯ জুন ২০২৬
শেখ মুজিব হল নাম পরিবর্তনে ‘গড়িমসি’, সিদ্ধান্ত হয়নি হাদি হল…
  • ২৯ জুন ২০২৬
ইরান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ওপর চটলেন আনচেলত্তি, বললেন— ‘ফ…
  • ২৯ জুন ২০২৬
গুরু বনাম শিষ্যের লড়াই: ব্রাজিলের ফুটবল-দর্শন দিয়েই ব্রাজিল…
  • ২৯ জুন ২০২৬