১৩ মাস পর ২ লাখের নিচে নামল সোনার দাম, আজ ভরিতে কত

২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ AM , আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ AM
স্বর্ণের গহনা

স্বর্ণের গহনা © সংগৃহীত

দেশের বাজারে টানা দরপতনের কারণে ১৩ মাস পর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ টাকার নিচে নেমেছে। নতুন দাম অনুযায়ী, এখন সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ক্রেতাদের খরচ করতে হবে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দাম ঘোষণা করার পর সোনার দাম কমে এই পর্যায়ে এসেছে। এর আগে সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার টাকায় নেমেছিল।

শনিবার রাতে বাজুস সোনার নতুন দাম সমন্বয় করে। সমিতি জানায়, স্থানীয় বাজারে সোনার দাম কমে যাওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার প্রভাব দেশের বাজারেও পড়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম আগের তুলনায় ৬ হাজার ১৮২ টাকা কমেছে। এতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা নির্ধারণ করেছে বাজুস। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ১৫ টাকা কমে হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৪ হাজার ৪৯১ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

এ নিয়ে টানা ৯ দফায় দেশের বাজারে সোনার দাম কমাল বাজুস। এই ৯ দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমেছে। এর মধ্যে গতকাল শুক্রবার এক দিনেই প্রতি ভরি সোনার দাম কমেছিল ১০ হাজার ৯৫৪ টাকা। দেশের বাজারে এক দিনে সোনার দাম কমার ক্ষেত্রে এটিই ছিল সর্বোচ্চ পরিমাণ।

এর আগে গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার বাজুস প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছিল। ১৮ নভেম্বর কমিয়েছিল ২ হাজার ২১৬ টাকা। এ ছাড়া ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।

সবশেষ শুক্রবার ও শনিবারের দাম সমন্বয়সহ মোট ৯ দফায় সোনার দাম কমেছে ৩৪ হাজার ৬৯০ টাকা। ধারাবাহিক এই দরপতনের ফলে দীর্ঘ ১৩ মাস পর দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম আবারও ২ লাখ টাকার নিচে নেমে এসেছে।

বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমার পেছনে মূলত দুটি কারণ রয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে বলে বাজারে ধারণা তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হলে সোনার মতো সুদবিহীন সম্পদের প্রতি আগ্রহ কমতে পারে। কারণ, সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা সুদ পাওয়া যায় এমন সম্পদের দিকে বেশি ঝুঁকতে পারেন।

দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে। ডলারের মান বাড়লে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী দেশের ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত সোনা কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে ওঠে। এতে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা ও দামের ওপর চাপ তৈরি হয়।

বিশ্ববাজারে এই দুই কারণে সোনার দামে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় দেশের বাজারেও ধারাবাহিকভাবে দাম সমন্বয় করছে বাজুস। এর ফলে কয়েক দফা দরপতনের পর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ টাকার নিচে নেমে এসেছে। নতুন এই দামে এখন দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেটসহ বিভিন্ন মানের সোনা বিক্রি হবে।

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
  • ২২ নভেম্বর ২০২৬
ব্রেক্সিটের ১০ বছর পর ইইউতে ফেরার আলোচনা যুক্তরাজ্যে
  • ২২ নভেম্বর ২০২৬
সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন…
  • ২২ নভেম্বর ২০২৬
রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ভিপি গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
১৩ মাস পর ২ লাখের নিচে নামল সোনার দাম, আজ ভরিতে কত
  • ২২ নভেম্বর ২০২৬
সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন, টের পেয়ে যাওয়ায় রক্…
  • ২২ নভেম্বর ২০২৬