নিরাপত্তা নিশ্চিত না করেই ঢাবিতে শুরু হচ্ছে করোনা পরীক্ষা

৩০ এপ্রিল ২০২০, ০৬:০৪ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কোন প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বেশি বেশি পরীক্ষা করে আক্রান্তদের চিহ্নিত করার কথা বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশও এই ফর্মুলা মেনেই দেশর বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ল্যাবে করোনার নমুনা পরীক্ষার উদ্যোগ হাতে নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে বর্তমানে ২৯টি ল্যাবে প্রাণঘাতী এ ভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এতে সবশেষ যুক্ত হতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম।

আগামী শনিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন করোনা পরীক্ষার জন্য গঠিত টেকনিক্যাল কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিজ্ঞানের অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান। তবে যথাযথ সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত না করেই পরীক্ষা শুরুর অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। তারা বলছেন, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করে তড়িঘড়ি করে পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে। ফলে ভাইরাসটি ল্যাব থেকে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।

এদিকে সম্প্রতি করোনা পরীক্ষার অনুমতি পাওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাব পরিষ্কারসহ কয়েকটি কারণে নমুনা পরীক্ষা স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, এখন ল্যাবরেটরি ক্লিন করা হচ্ছে। নমুনা পরীক্ষার দায়িত্বপ্রাপ্তদের নিরাপত্তার জন্যই এটা জরুরি। এই সময়কালে নতুন কোনো নমুনা যবিপ্রবিতে না পাঠাতে অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট সিভিল সার্জনদের। সেই অনুযায়ী সিভিল সার্জনরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা পাঠাচ্ছেন। দুই-তিন দিনের মধ্যে যবিপ্রবি ল্যাব ফের প্রস্তুত হয়ে যাবে। তখন আবার পূর্ণোদ্যমে পরীক্ষা শুরু হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে দেওয়া করোনা সম্পর্কিত নিরাপত্তার নিয়ম-কানুনে বলা হয়েছে, করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার কাজে নিয়োজিত সংশ্লিষ্ট সকলের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রয়োজন। যেখানে থাকবে একটি ফেসশিল্ড, নির্দিষ্ট ডিজাইনের চশমা, এন ৯৫ মাস্ক, সুরক্ষা পোশাক, দুটি গ্লাভস এবং শু-কাভার। এছাড়া নমুনা পরীক্ষার বায়ো-সেফটি লেভেল থ্রি মানের ল্যাবরেটরি প্রয়োজন। এগুলো নিশ্চিত না করে পরীক্ষার করা খুবি ঝুঁকিপূর্ণ।

নিরাপত্তা নিশ্চিত না করে করোনা পরীক্ষার সিদ্ধান্ত আত্মঘাতী জানিয়ে ঢাবির জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আফতাব উদ্দিন জানান, আমাদের বিশ্ববিদ্যালয় জনবহুল এলাকা। পরীক্ষার নেগেটিভ প্রেসারের জন্য এডজাস্ট দিতে হয়। তা কোনদিকে দিবে। কারণ, আমরা এখনো সঠিকভাবে জানিনা এই ভাইরাস কীভাবে ছড়ায়। এটা নিয়ে অনেক কনফিউশন আছে। যেখানে আমরা বিপদজনক অবস্থায় আছি। সেখানে কেন তারা এটি নিয়ে উঠেপড়ে লেগেছে তা বোধগম্য নয়।

তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনের পাশে অবস্থিত অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস সেন্টারে (সিএআরএস) এর দশতলায় করোনার নমুনা পরীক্ষা করা হবে। যেটি বায়ো-সেফটি লেভেল থ্রি মানের ল্যাবরেটরি নয়। এমনকি বিশ্ববিদ্যালয়ে কোন লিক প্রুফ রুমও নেই। ফলে এখান থেকে ভাইরাসটি অতি সহজেই বাইরে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আমরা যারা ল্যাবে কাজ করি তাদের মধ্যে এই ভাইরাস দ্বারা সংক্রমণের সম্ভাবনা রয়েছে। পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত না করে এমন সিদ্ধান্ত ঢাবির জন্য আত্মঘাতী বলে জানান এই অধ্যাপক।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে টেকনিক্যাল কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিজ্ঞানের অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। করোনা পরীক্ষার জন্য বায়ো সেফটি লেভেল-২ নিশ্চিত করলেই হয়। আর আমরা সেটি নিশ্চিত করেছি। করোনা যে ল্যাবে পরীক্ষা করা হবে, সেই বিল্ডিংয়ের একটা অংশ আমরা সিল করে দিয়েছি। এখানে মানুষের চলাচল বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, যারা করোনা পরীক্ষার সঙ্গে যুক্ত থাকবেন তাদের জন্য বায়ো সেফটি ক্যাবিনেট এর ব্যবস্থা করা হয়েছে। তাদের গোসলেরও ব্যবস্থা করা হয়েছে। যদি এখানে থেকে কেউ কাজ করতে চায় সেই ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া ল্যাবে কর্মরতদের পিপিই, গ্লাবস, চশমাসহ সবকিছুর ব্যবস্থাই করা হয়েছে। যারা নিরাপত্তা নিয়ে কথা বলছে তারা ব্যক্তি স্বার্থে কথা বলছে বলেও জানান তিনি।

এ বিষেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমাদের টেকনিক্যাল টিম নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করছে। তারা এই বিষয়টি ভাল বলতে পারবেন।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
close