করোনায় ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা ঢাবি শিক্ষার্থীদের

১৫ মার্চ ২০২০, ০৮:৩৭ AM

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় আজ রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার তারা এ বন্ধের ষোষণা দেন। এছাড়া বেশ কিছু বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বন্ধের জন্য নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানান উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

বিভাগগুলো হলো- অর্থনীতি, স্বাস্থ্য অর্থনীতি, প্রাণীবিদ্যা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মার্কেটিং, অ্যাকাউনটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস, টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, গণযোগাযোগ ও সাংবাদিকতা, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ফলিত রসায়ন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

শিক্ষার্থীরা জানান, আমরা বাধ্য হয়ে সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। এমন সংকটময় মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন চুপ থাকলেও আমরা থাকতে পারি না। যার কারণে সিনিয়রদের সাথে আলোচনা করে আমরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি।

একই সুরে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার ব্যাপারে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সকলেই যেন সুস্থ থাকি দেশবাসীর কাছে সেই দোয়া চাই। সুস্থ থাকার জন্য যে সব সতর্কতা, সেগুলো আমরা বাড়িয়েছি। উপাচার্য, হল কর্তৃপক্ষসহ আমরা সংশ্লিষ্ট যারা আছি, তারা সার্বিকভাবে ছাত্রদের পাশে আছি।

এদিকে বিশ্ববিদ্যালয়েল চিকিৎসাকেন্দ্রে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেয়ার ব্যবস্থা নেই বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান অফিসার (ভারপ্রাপ্ত) ডা. সারওয়ার জাহান মুক্তাফী। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী এখনো করোনায় আক্রান্ত হননি। যদি আক্রান্ত হয় তাহলে সরকার যে তিনটি হাসপাতালে কোয়ারান্টাইনের ব্যবস্থা করেছে ওই তিনটি হাসপাতালে পাঠাতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো করোনার ঝুঁকি মোকাবিলা করার মত কোন কিছু করতে পারে না। এর পিছনে আমাদের দেশের সীমাবদ্ধতায় দায়ী।

তিনি আরো বলেন, আমি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করবো তারা যেন তাদের ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার -পরিচ্ছন্ন রাখে এবং নিজেরাই যথাসম্ভব সচেতন হলে এড়ানো সম্ভব।

তবে করোনায় আতঙ্কগ্রস্থ না হতে আহবান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, আমাদেরকে সচেতন হতে হবে,পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে আতঙ্কগ্রস্থ হওয়া যাবে না। বিভিন্ন শিষ্টাচার অনুসরণ করতে হবে। অমানবিক হওয়া যাবে না আমরা যদি সকল ক্ষেত্রে দায়িত্বশীল, সচেতন ও সতর্ক থাকি তাহলে সমাজের অনেক অনাকাঙ্খিত ঘটনা এড়ানো সম্ভব।

বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা এ ব্যাপারে এখনো কোন আনুষ্ঠানিক আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করিনি।

এদিকে ক্যাম্পাস বন্ধের দাবিতে অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষার্থী। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অনশন শুরু করেন তারা।

অনশনে যাওয়া শিক্ষার্থীরা হলেন- টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো.হাসান বিশ্বাস, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জোনাইদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত প্লাবন ও কে এম তুর্য।

এ বিষয়ে হাসান বিশ্বাস বলেন, সাড়া বিশ্বে করোনা মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও তিনজন আক্রান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে একবার করোনা হলে ভয়ংকর রূপ ধারণ করবে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় বন্ধ দেওয়া হোক।

জুনাইদ হোসেন বলেন, দাবি আমাদের একটাই সেটি হলো ক্যাম্পাস বন্ধ। আমাদের চারজনের রুমে ৩০-৪০জন থাকি। ক্লাসরুমেও তাই। করোনা এমন একটি ভাইরাস তা দ্রুত ছড়িয়ে পড়ে। একজন আক্রান্ত হলে ঘন্টা খানেকের মধ্যে হাজার ছাড়িয়ে যাবে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হোক। এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মো.গোলাম রব্বানীকে ফোন দিয়ে পাওয়া যায়নি।

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close