‘তুই মুই’ তদন্ত কমিটি দিয়ে সুবিচার হবে না

২৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৭ PM
জনসংহতি সমাবেশের একাংশ

জনসংহতি সমাবেশের একাংশ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ব্যবসালয়। ‘তুই মুই’ তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু বিচার হবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম উদ্দিন। এদিকে ভিপি নুরুল হকের উপর হামলার ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার ডাকসু ভিপি নুরুল হক এবং তাঁর সহযোগীদের উপর হামলার প্রতিবাদে জনসংহতি সমাবেশের আয়োজন করেন সাধারণ শিক্ষার্থীরা। টিএসসির রাজু ভাস্কর্যে আয়োজিত সমাবেশে এ কথা বলেন অধ্যাপক ড. তানজিম। 

সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানীর আশকারায় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ যৌথ হামলা চালায়। ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন হামলার প্রত্যক্ষ নেতৃত্ব দেন বলে অভিযোগ করেন। এছাড়াও তারা আরও বলেন, ভিপি নুরকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়।

অধ্যাপক তানজিম উদ্দিন বলেন, ডাকসু ভবনের জানালা দিয়েই প্রক্টর অফিস দেখা যায়। কিন্তু তারা নীরব দর্শক। যখন তিনি ছাত্র ছিলেন নিজেও ক্ষমতাসীন ছাত্র সংগঠনের হাতে হেনস্তার শিকার হয়েছেন বলে জানান। বর্তমানেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে হত্যার হুমকি দিয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমার স্ত্রীকে ফোনে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। প্রক্টরকে অবহিত করেছিলাম। এখনো প্রতিকার পাইনি। মামলা না করার মাধ্যমে সন্ত্রাসকে উস্কানি দিচ্ছে প্রশাসন। এই আশকারা সরকার পর্যায় থেকে শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

আন্তর্জাতিক আলোকচিত্রশিল্পী শহিদুল আলম বলেন, অত্যাচার করলেও বিচার হবে না জেনেই বারবার এরকম আক্রমন করছে তারা। গণ মানুষের দল যখন রাজপথে নামবে তখন কেউ ঠেকাতে পারবে না।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী বলেন, এই আন্দোলন আমাদের স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার আন্দোলন। এটা মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষা এবং প্রতিশ্রুতি রক্ষার আন্দোলন। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জীবন, চারপাশ, দেশ, পৃথিবী সবকিছু নিয়ে কথা বলার অধিকার আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির কারণেই এই হামলাযজ্ঞ চালিয়েছেন বলে উল্লেখ করে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদেরকে নসিহত করছেন তারা কোন বিষয়ে কথা বলতে পারবে এবং কোন বিষয়ে কথা বলতে পারবে না। সরকারের মন্ত্রীরা বলছেন ডাকসুর ভিপি কেন ভারত নিয়ে কথা বলবে? তাদের ভয়ের কারণ হচ্ছে কথা বললেই ভোটবিহীন সরকার আতঙ্কে থাকেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে কারো যদি কণ্ঠরোধ করা হয় তার সমুচিত জবাব দেওয়া হবে। ছাত্রলীগের রাজনীতি, মিছিল-মিটিং করার অধিকার আছে। কিন্তু অন্যদের রাজনীতি, সংগঠন, মিছিল-মিটিংয়ে বাধা দিতে আসলে আপনাদেরকে প্রতিহত করা হবে।

আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল মুক্তিযুদ্ধ মঞ্চের ২ জনকে গ্রেফতার করাটা চোখে ধুলো দেওয়া বলে মন্তব্য করেন। তবে তিনি দ্রুত হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য দাবি জানান। তিনি আরো বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা নিয়ে সরকারের এত সমস্যার কারণ হলো তারা জনগণকে ভয় পায়। তারা সিসিটিভি ফুটেজ গায়েব করেছে। প্রশাসন ভিপি নুরকে কি নিয়ে কথা বলবে আর কি নিয়ে বলবে না সেটা ঠিক করে দেওয়ার কে বলেও প্রশ্ন রাখেন। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলা না যায়, তাহলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হত না। আমরা স্বাধীন বাংলাদেশে পেতাম না।

হামলায় আহত ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন তাদের ওপর হামলার বীভৎস বর্ণনা দেন। তিনি বলেন, হামলার দুদিন আগের হামলায় নুরের ২ আঙ্গুল ভেঙ্গে গিয়েছিল। ভিপিকে ডাক্তার দেখিয়ে আমরা ভিপির রুমে যাই। যাওয়ার ৫ মিনিটের মধ্যে মুক্তিযুদ্ধ মঞ্চের বুলবুল আর আলামিনের নেতৃত্বে হামলা করে। সনজিত ও সাদ্দামের নির্দেশে তারা হামলা চালিয়েছে।

প্রক্টর গোলাম রব্বানীকে নিরাপত্তার জন্য ফোন দিলেও তিনি বকাঝকা করেন বলে অভিযোগ করেন রাশেদ। প্রক্টরকে ফোন দিলে তিনি বলেন, তুমি কে? তুমি ডাকসুতে কেন এসেছো? প্রক্টরের অফিস ডাকসু ভবনের কাছে হলেও তাদের আসতে ৪০ মিনিটের বেশি সময় লেগেছিল বলে অভিযোগ করেন।

জনসংহতি সমাবেশে গণফোরামের সভাপতি ড. কামাল, গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস বিশ্বাস, পিসিপির সভাপতি দেবাশীষ চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, স্বতন্ত্র ফ্রন্টের অরণি সেমন্তি খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি এম এম পারভেজ লেনিন, ভিপি আ স ম রব, ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, মুজাহিদুল ইসলাম, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবির, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি আতিক অনিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ সকল বাম সংগঠন সংহতি জানিয়েছেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অ…
  • ২৪ আগস্ট ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর, নির্দেশি…
  • ২৪ আগস্ট ২০২৬
ভারতের রানপাহাড়, ব্যাটিংয়ে নেমেই বিপদে শ্রীলঙ্কা
  • ২৪ আগস্ট ২০২৬
শেষ ৩ সেমিস্টারে একজনও ভর্তি হয়নি ইউআইটিএসের ইইইতে, বিভাগের…
  • ২৪ আগস্ট ২০২৬
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
  • ২৪ আগস্ট ২০২৬
উখিয়া ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারী…
  • ২৪ আগস্ট ২০২৬