ডাকসু ভিপি হয়েও হলে থাকতে পারছি না

২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৫ PM

নিরাপত্তাহীনতায় ভুগছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক। বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী ও ডাকসু ভিপি হয়েও হলে থাকতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। একইভাবে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আরও কয়েকজন নেতাও নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানিয়েছেন। বুধবার ভিপি নুর সহ অন্যান্যরা এসব কথা জানান।

ছাত্র অধিকার পরিষদের নেতারা জানায়, সাধারণ শিক্ষার্থীদের অধিকারের সাথে সম্পৃক্ত সব অন্যায় অবিচারের বিরুদ্ধে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সবসময় সোচ্চার ভূমিকা পালন করে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেন। শিক্ষার্থীদের অধিকার খর্ব করা হলে আন্দোলনের ডাক দেন। এসব কারণে নেতারা বারবার ছাত্রলীগের হাতে হামলার শিকার হয়েছেন। এমনকি এখন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলেও থাকতে ভয় পাচ্ছেন বলেও জানান।

কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে অনেকবার হামলার শিকার হয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হাতে ভিপি নুরুল হক হামলার শিকার হয়েছেন আট বার। সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান হামলার শিকার হয়েছেন তিনবার। তিনি জেল খেটেছেন একাধিকবার। এছাড়া অন্য নেতারাও বিভিন্ন স্থানে হামলার শিকার হয়েছেন।

বারবার হামলার শিকার হয়েও কোন ন্যায্য বিচার পাননি বলে অভিযোগ সংগঠনটির নেতা-কর্মীদের। বিভিন্ন যৌক্তিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে সংগঠনের নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ডাকসু ভিপি নুরুল হক সহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বলেন, ৩০ জুন যখন নুর ভাইয়ের ওপর হামলা করা হয়, হামলার পরে ১২টার দিকে আমি রুমে যাই। হলে যেতেই আমার রুম থেকে ছাত্রলীগ আমাকে তুলে নিয়ে যায়। তুলে নেয়ার  ঘটনা বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরাও দেখছেন।

তিনি বলেন, তখন সূর্যসেন হল ছাত্রলীগ আমাকে চারুকলায় নিয়ে গিয়ে আমাকে ৪-৫ ঘন্টা পিটিয়ে পরে শাহবাগ থানায় দেয়। জেল থেকে বেরোনোর পর আমি কোন সাহসে হলে গিয়ে হলে থাকব। আমাকে হলে থাকার নিরাপত্তা কে দেবে। যার কারণে আমরা হলে থাকছি না। এছাড়াও ক্যাম্পাসে আমাদের চলার নিরাপত্তা নাই।

এ বিষয়ে ডাকসু ভিপি নুরুল হক জানান, তিনি মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী। এরপরও বারবার হামলার শিকার হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের সময় থেকে শুরু করে ডাকসু নির্বাচনের আগ পর্যন্ত তিনি ছাত্রলীগের হাতে তিনবার হামলার শিকার হন। ডাকসু নির্বাচনের পরে বিভিন্ন স্থানে আরও পাঁচবার হামলার শিকার হন। তবে এসব হামলার সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী কোন বিচার করেনি। এসব কারণে হলে থাকতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

বর্তমানে রাজধানীর মগবাজারে খালার বাসায় থাকেন বলে জানান ভিপি নুরুল হক।

তিনি বলেন, কোটা আন্দোলনের আগ পর্যন্ত আমি হলে ছিলাম। কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদের অনেকের উপর হামলা করা হয়েছে। ডাকসুর ভিপি হওয়ার পরেও আমাদের উপর অনেকবার হামলা করা হয়েছে।

ডাকসু নির্বাচনের আগে তিনবার ডাকসু নির্বাচনের পরে পাঁচবার আমার উপর হামলা করা হয়েছে। এই হামলার সাথে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত ছিল। এই হামলার সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও আইনশৃঙ্খলা বাহিনী বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের ব্যবস্থা নেয়নি। মূলত নিরাপত্তাহীনতার কারণে আমি হলে থাকছি না।

তিনি আরো বলেন, একজন ভিপি হয়েও আমি বিভিন্ন সময়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে  হামলার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এজন্য হলে থাকাটা আমার কাছে নিরাপদ মনে হয়নি। প্রত্যেকের লাইফের সিকিউরিটি আগে। আমার কাছে ক্যাম্পাসের পরিবেশ আমার জন্য নিরাপদ মনে হচ্ছে না। সে কারণে আমি হলে থাকতে পারছি না।

পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
close