ঢাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব

১০ এপ্রিল ২০১৯, ১০:৩১ PM
ব্যানার

ব্যানার © টিডিসি ফটো

‘নৈশব্দ্যের ঔজ্জ্বল্যে দীপ্ত হোক বিশ্বমৈত্রী’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব। প্রাচীন শিল্প মাধ্যম মূকাভিনয়কে ধারণ ও লালনকারী সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের (ডুমা) আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১১ থেকে ১৩ এপ্রিল, ২০১৯।

জানা যায়, বর্ণাঢ্য এ মূকাভিনয় উৎসবে অংশ নেবে ইংল্যান্ড, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ভারত। এছাড়াও বাংলাদেশে মূকাভিনয় চর্চারত দলসমূহের মধ্যে থাকবে- প্যান্টোমাইম মুভমেন্ট (চট্টগ্রাম), মুক্তমঞ্চ নির্বাক দল (গাজীপুর), রঙ্গন মাইম একাডেমি (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), মাইম আর্ট (ঢাকা), সাইলেন্ট থিয়েটার (চট্টগ্রাম), মিরর মাইম থিয়েটার, মামারস (ঢাকা), ব্ল্যাকফ্লেইম থিয়েটার (ঢাকা), মামারস (ঢাকা), কাকাশিস (রংপুর) জগন্নাথ ইউনিভার্সিটি মাইম সোসাইটি এবং মাইম অ্যাকশন ময়মনসিংহ।

প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে থাকবে উৎসবের মূল আয়োজন। এছাড়াও শহীদ মিনার, কার্জন হল, কলাভবন, শাহবাগসহ পুরো ক্যাম্পাসজুড়েই থাকবে পথ-শো। তিন দিনের আয়োজনে থাকছে মূকাভিনয়ের উপর কর্মশালা, সেমিনার, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে মূকাভিনয় প্রতিযোগিতা এবং পোস্টার প্রদর্শনী।

আয়োজকরা জানান, ১১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মো. আখতারুজ্জামান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী।

তিন দিনের এই উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে থাকবে দেশি-বিদেশি বিভিন্ন দলের মূকাভিনয় প্রদর্শনী। ১৩ এপ্রিল রাত ১০টায় অংশগ্রহণকারী দল এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে আন্তর্জাতিক এ মূকাভিনয় উৎসব।

২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি ‘না বলা কথাগুলো না বলেই হোক বলা’ স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর লোকমানের হাত ধরে যাত্রা শুরু করে মূকাভিনয় সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। পথচলার মাত্র ৮ বছরে সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব আয়োজনসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভাগ ও জেলা শহরে ৫০০টির মত মূকাভিনয় প্রদর্শনী করেছে। একই সঙ্গে পুরস্কৃত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে এবং সুনামও কুড়িয়েছে বেশ।

ইতোমধ্যে আর্মেনিয়া, চীন, দক্ষিণ কোরিয়া এবং ভারতে মূকাভিনয় প্রদর্শনীতে অংশ নিয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় সংগঠনটি এবার ৩য় বারের মতো আন্তর্জাতিক এই উৎসব আয়োজন করতে যাচ্ছে।

জেল-সোডায় তৈরি হচ্ছিল ‘গরুর খাঁটি দুধ’
  • ১২ এপ্রিল ২০২৬
নকলের জন্য দায়ী সরকার, শিক্ষকরা নয়: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
পাকিস্তান বৈঠকের পর ট্রাম্পের নীরবতা কি ‘ভয়াবহ বার্তা’ দিচ্…
  • ১২ এপ্রিল ২০২৬
ভূমিকম্পে কাঁপল দেশের সীমান্ত
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
দুই বছরের জন্য নিষিদ্ধ সেই মাবিয়া
  • ১২ এপ্রিল ২০২৬
close