হাসান আল মামুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে হামলার ঘটনায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এতে যোগ দিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর, রাশেদ খান, উম্মে হাবিবা বেনজির, অরণি সেমন্তি খানসহ তাদের সহপাঠীরা। মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে অবস্থান নেয় তারা।
চলমান ওই আন্দোলন নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। সামাজিক যোগাযোগমোধ্যমে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার ভাইরা বৃষ্টিতে ভিজবে, বারান্দায় নির্ঘুম রাত কাটাবে; তা হতে দিব না। অছাত্রদের বিতাড়িত আমরা করবোই, যতই হামলা করা হোক আমরা থামছি না।বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত এবং প্রশ্নফাঁস করে ভর্তি হওয়া ছাত্রলীগ নেতারাও রয়েছে হামলাকারীদের মধ্যে।শামসুন্নাহার হলের নির্বাচিত ভিপি ইমি, বেনজির আপু এবং অর্নিসহ অনেক বোনকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে। ধিক্কার প্রশাসন, ধিক্কার।’
প্রসঙ্গত, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ বরাবর অভিযোগ দায়ের শেষে বের হওয়ার সময় হামলার শিকার হন নুর ও অন্যান্যরা। হলের ছাত্র ফরিদ হাসানকে মেরে রক্তাক্ত করার ঘটনা ও নিজেদের অবরুদ্ধ করার ঘটনায় প্রভোস্টের কাছে অভিযোগ দায়ের শেষে বের না হতেই তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে।