সহাবস্থান নিশ্চিতে প্রয়োজনে রক্ত দেবে ঢাবি ছাত্রদল

১৫ জানুয়ারি ২০১৯, ০৯:৫২ AM
সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা

সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা © টিডিসি ফটো

বুকের রক্ত দিয়ে হলেও ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার। সোমবার আসন্ন ডাকসু নির্বাচনের গঠনতন্ত্র সংশোধনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আট দফা দাবি পেশ শেষে সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঢাবি ছাত্রদল সভাপতি বলেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলো সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে, সেখানে মাদক ব্যবসা থেকে শুরু করে সব ধরণের অন্যায় কাজ হচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীদের হলে অবস্থান করতে দেয়া হচ্ছে না। আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদল অংশগ্রহণ করতে বদ্ধ পরিকর। কিন্তু প্রশাসনের কাছে বার বার অভিযোগ দেয়া সত্ত্বেও অবস্থার দৃশ্যমান কোন উন্নতি হচ্ছে না । এমন অবস্থায় ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে প্রয়োজনে নেতাকর্মীরা তাদের বুকের রক্ত দিবে।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের লিখিত প্রস্তাব পড়ে শুনান শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকী। এসময় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন হল কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘ছাত্রদল শিক্ষার্থীদের কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে সব যৌক্তিক আন্দোলনে সমর্থন দিয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় বিভিন্ন দাবি দাওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পেশ করেছে। দীর্ঘদিন যাবত আমাদের ক্যাম্পাসে প্রকাশ্যে কোন কর্মসূচি পালন করতে দেয়া হচ্ছে না। তারপরও আমরা যখনই সুযোগ পেয়েছি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এজন্য আমরা আশাবাদি প্রশাসন যদি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে পারে তাহলে শিক্ষার্থীরা ছাত্রদলকেই বেঁচে নিবে।

তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনে সব দলের অংশগ্রহণের জন্য সুষ্ঠু পরিবেশ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনায় আংশগ্রহণ করতেও ছাত্রদলকে নিরাপত্তা দিয়ে নিয়ে যেতে হয়েছে। আমরা এমন পরিবেশ চাই যেখানে ছাত্রদলের নেতাকর্মীদের নিরাপত্তা দিয়ে নিয়ে যেতে হবে না । তারা বিশ্ববিদ্যালয়ে সব ধরণের কর্মসূচি পালন করতে পারবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এটা নিশ্চিত করতে না পারে তাহলে ডাকসু নির্বাচন ব্যর্থতায় পর্যবসিত হবে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এ ব্যাপারে কোন আশ্বাস দেয়া হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রশাসনকে আমাদের দাবি দাওয়া জানানোর পর তারা এ ব্যাপারে একমত হয়েছে। এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন।’

এর আগে সোমবার দুপুরে গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারে ছাত্রদলের প্রস্তাবনা ডাকসু গঠনতন্ত্র সংশোধন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মিজানুর রহমানের কাছে তুলে দেয়া হয়। এ ব্যাপারে ছাত্রদলের ৮ দফা প্রস্তাবনা হলো, পরিবেশ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার বিষয়টি ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব শর্ত হিসেবে গঠনতন্ত্রে সংযোজন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের ছাত্রছাত্রী, যারা ভোটার হওয়ার উপযুক্ত বলে গণ্য হবে তাদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা মূলক বিদ্যমান ধারা সংশোধন করে প্রার্থী হওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। হলে হলে ভোট গ্রহণের পরিবর্তে ডাকসু ও হল সংসদের ভোট কেন্দ্রীয়ভাবে কলা ভবন ও কার্জন হলে গ্রহণের ব্যবস্থা করতে হবে।

এছাড়া স্বচ্ছ-সুষ্ঠু ও নিরাপদ ভোট অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণের সকল প্রক্রিয়া (ভোট গ্রহণের গোপন বুথ ব্যতিরেকে) এবং সমগ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনতে হবে। ডাকসু নির্বাচন স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল ছাত্র সংগঠনের কাছে গ্রহণযোগ্য শিক্ষকদের সমন্বয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। ডাকসুর গঠনতন্ত্রে সন্নিবেশিত ৫(এ) -এর অগণতান্ত্রিক ধারার সংশোধন করে ছাত্র সংসদ বিলুপ্তি অথবা কার্যক্রম স্থগিত করার ক্ষেত্রে সভাপতি ও ছাত্র সংসদের যৌথ সিদ্ধান্তের বিষয় সংযোজন করতে হবে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণার পর ছাত্র সংগঠনগুলো কোনো প্রার্থী ও নেতাকর্মীদের কোন প্রকার হয়রানি, মামলা দেওয়া অথবা গ্রেফতার না করার বিষয়টি নিশ্চিত করতে হবে, এবং সদস্য পদের ক্ষেত্রে ১৯৯১ সালের ডাকসু গঠনতন্ত্র বাতিলকৃত ৪ অনুচ্ছেদের বি, সি, ও ডি ধারা পুনরায় সংযোজন করতে হবে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬