© ফাইল ফটো
গত অক্টোবর মাসে প্রকাশিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২০১২-১৩ শিক্ষাবর্ষ (সম্মান) ৪র্থ বর্ষের পরীক্ষার ফলাফল। ফলাফলে ব্যাপক বিপর্যয় হয়েছিল বলে শিক্ষার্থীরা দাবি করেন এবং সমাধানের দাবি জানিয়ে গত নভেম্বর মাসে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুই দফা মানববন্ধন করেন। এদিকে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ না করেই মানোন্নয়নের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করায় ক্ষুব্ধ শিক্ষাথীরা।
শিক্ষার্থীরা দাবি করে, অধিকাংশ বিভাগের শতকরা ৮০-৮৫ ভাগ শিক্ষার্থীকে ফেল করানো হয়। শিক্ষার্থীরা ফলাফল পুনঃনিরীক্ষণের দাবি জানিয়ে আসলেও এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ এখনো পর্যন্ত চোখে পড়েনি।
শিক্ষার্থীদের অভিযোগ করেন, তারা আটশ টাকা ফি দিয়ে ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এ আবেদন পরীক্ষা নিরীক্ষেকের কাছে জমা দিলেও কোনো ফলাফল এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ না করে ইতোমধ্যে ২০১৩-১৪ (সম্মান) শিক্ষাবর্ষের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর ২২ ডিসেম্বরের মধ্যে ২০১২-১৩ শিক্ষাবর্ষের অকৃতকার্যদের পুনরায় মানোন্নয়ন পরীক্ষা দিতে ফর্ম পূরণ করতে বলা হয়।
এ নোটিশ প্রকাশের পর থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ফল বিপর্যয়ের শিকার শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থীর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, প্রকাশিত ফলাফলে অধিকাংশ বিভাগে গণহারে ফেল আসছে। যেসব শিক্ষার্থী প্রথম বিভাগ পেয়ে পাশ করে আসছিল তারাও ফেল করেছে। আবার আমরা পুনঃনিরীক্ষণের আবেদন করার পরও ঢাবি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে কবে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে তাও নির্দিষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ।