© টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন প্রতিবন্ধী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে বহুজাতিক কোম্পানি এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ। ‘এলজি লাইফ’স গুড প্রতিবন্ধী শিক্ষার্থী ট্রাস্ট ফান্ড’ এর আওতায় তাদেরকে এই বৃত্তি প্রদান করা হয়। একাডেমিক পড়াশোনা ও পরীক্ষার ফলাফলে তাঁদের কৃতিত্বের জন্য এ বৃত্তি দেয়া হয়েছে।
আজ বুধবার এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন প্রতিবন্ধী ওই তিন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন।
বৃত্তিপ্রাপ্তরা শিক্ষার্থীরা হলেন- ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শাহনাজ আক্তার, সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ইনমানূয়েল টিটু মন্ডল এবং শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের বি.এড স্নাতক তাসলিমা সুলতানা মিতু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, “নানা সামাজিক ও শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে উচ্চশিক্ষার দুয়ারে আসা বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে যথাসাধ্য চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়। এ ধরণের বৃত্তি নিঃসন্দেহে তাঁদের এগিয়ে যাওয়ার পথকে সুগম করবে এবং অনুপ্রাণিত করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন বলেন, “প্রতিবন্ধীতা কোনো প্রতিবন্ধকতা নয়। এই শিক্ষার্থীদেরকে সহায়তা করা সমাজের দায়িত্বশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। এলজির এই ট্রাস্ট ফান্ড প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা পালনের একটি অংশ।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সংলগ্ন সম্মেলন কক্ষে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল, শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের (আইইআর) ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল মালেক এবং এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ’র হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিক্স মাহমুদুল হাসান।