ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন আন্দোলনের যুগ্ম-আহবায়ক নূরুল হক নূর। © টিডিসি ফটো
আবারো কোটা সংস্কারকারীদের বিক্ষোভে উত্তাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অবিলম্বে প্রজ্ঞাপন জারি সহ তিন দফা দাবিতে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। যাতে যোগ দিয়ে বক্তব্য রেখেছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নূরুল হক নূর।
মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওয়ানা হয়েছেন আন্দোলনকারীরা।
লাইব্রেরীর সামনে সমাবেশে নূরুল হক নূর বলেছেন, ‘আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে না পারি,তাহলে এদেশে অন্যায় প্রতিষ্ঠিত হবে। আমার বোনেরা ভাইদের পাশে দাঁড়িয়েছে। এজন্য তাদের ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। শিক্ষকরা আমাদের পাশে দাঁড়িয়েছে। এজন্য তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে। আপনারা যে যেখানে আছেন সবাই আন্দোলনে চলে আসুন।’
এসময় তিনি তিনটি দাবি উত্থাপন করেন। এগুলো হলো, গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে, দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং ছাত্রলীগের হামলাকারীদের বিচার করতে হবে।