আব্দুল কাদের মির্জা © ফাইল ফটো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। রবিবার (১৪ মার্চ) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় সিএনজিচালিত অটোচালক ও শ্রমিক লীগকর্মী আলাউদ্দিন নিহতের ঘটনায় তার ভাই মো. এমদাদ হোসেন বাদী হয়ে এই মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন মামলার আমামি মির্জা কাদেরের নেতৃত্বে অন্য আসামিরা পিস্তল, শটগান, পাইপগান, রামদা, লোহার রড নিয়ে অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রতিবাদসভায় হামলা চালায়।
এ সময় মামলার চার নম্বর আসামি তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আলাউদ্দিনের পেটে গুলি করে মারাত্মক জখম করে। এর পর ৫নং আসামিসহ তাদের সমর্থকরা তাকে এলোপাতাড়ি গুলি করে। পরে ৬নং আসামি তার হাতে থাকা লোহার রড তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়।
পরে হামলাকারীরা চলে গেলে আলাউদ্দিনকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।