জালিয়াতির অভিযোগে দুই অধ্যক্ষসহ ইউপি চেয়ারম্যানকে শোকজ

০৪ মার্চ ২০২১, ০৯:৫৮ AM
জালিয়াতির অভিযোগে দুই অধ্যক্ষসহ চেয়ারম্যানকে শোকজ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড

জালিয়াতির অভিযোগে দুই অধ্যক্ষসহ চেয়ারম্যানকে শোকজ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

বরগুনা সদর উপজেলার পূর্ব হাজারবিঘা বটতলা সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা বোর্ড শোকজ করেছে বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালামকে। একইসঙ্গে মাদ্রাসাটির অধ্যক্ষ আব্দুস সালাম এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানকে শোকজ করা হয়েছে।

আগামী ৮ মার্চের মধ্যে তাঁদেরকে মাদ্রাসা অধিদপ্তরে লিখিতভাবে জবাব দিতে হবে। গত ২৫ ফেব্রুয়ারি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সরকারি ও সিনিয়র মাদ্রাসা শাখার সহকারী পরিচালক মো. আফাজ উদ্দিন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ কথা বলা হয়। একটি চিঠিতে অধ্যক্ষ মো. আব্দুস সালামকে বলা হয়, ‘পূর্ব হাজারবিঘা বটতলা সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ পদে নিয়োগ সম্পন্ন করা এবং উপাধ্যক্ষ পদে এমপিওভুক্তির জন্য মাদ্রাসা অধ্যক্ষের আবেদন বরগুনা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে অনলাইনে পাঠানো হয়।’

আরো বলা হয়েছে, ‘আবেদন যাচাই-বাছাই করে দেখা যায়, উপাধ্যক্ষ পদে নিয়োগ বোর্ডে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি হিসেবে আপনি (বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালাম) উপস্থিত থেকে ফলাফল শিট ও নিয়োগ রেজুলেশনে সুপারিশ করেছেন। কিন্তু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তিতে মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম খানকে মনোনীত করা হয়।’

এতে বলা হয়েছে, ‘মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মনোনীত প্রার্থী না হয়েও আপনি অবৈধভাবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মনোনীত ব্যক্তির পরিবর্তে নিয়োগ বোর্ডে উপস্থিত থেকে নিয়োগে সুপারিশ করেছেন, যা অবৈধ ও সুস্পষ্ট জালিয়াতি। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।’ সেজন্য কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও অধ্যক্ষকে পাঠানো অন্য চিঠিতে বলা হয়েছে, ‘মাদ্রাসার উপাধ্যক্ষ নিয়োগে মাদ্রাসা বোর্ডের মহাপরিচালকের মনোনীত প্রতিনিধিকে নিয়োগ বোর্ডে না রেখে বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষকে নিয়োগ বোর্ডে রেখে নিয়োগ সম্পন্ন করা হয়। এরপর উপাধ্যক্ষ পদ এমপিওভুক্তির জন্য মাদ্রাসার আবেদন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে অনলাইনে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পাঠানো হয়, যা সুস্পষ্ট জালিয়াতি। এছাড়া এমপিওভুক্তির বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃক জমা দেওয়া চিঠিটি সরকারি কলেজের প্রতিনিধি হিসেবে মো. আব্দুস সালামের স্বাক্ষরিত। সেটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারি করা চিঠির পরিপ্রেক্ষিতে নয় এবং পত্রের অনুমোদনকারী ও প্রেরকের স্বাক্ষর জাল করা হয়েছে বলে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়।’

জালিয়াতির কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্টদের এমপিও স্থগিতসহ সভাপতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এ বিষয়ে পূর্ব হাজারবিঘা বটতলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুস সালাম বলেন, ‘মাদ্রাসার উপাধ্যক্ষ পদে নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহের জন্য মাদ্রাসা বোর্ডের একজনের দ্বারস্থ হই। কিন্তু তিনি প্রকৃত বিজ্ঞপ্তি না দিয়ে একটি জাল বিজ্ঞপ্তি দেন। ওই জাল বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগের সকল প্রক্রিয়া সম্পন্ন করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। আমি ইতোমধ্যেই আমার লিখিত জবাব মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে দিয়েছি।’

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি। তবে তার লিখিত জবাব প্রসঙ্গে মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুস সালাম বলেন, ‘তাঁর লিখিত জবাবও আমি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জমা দিয়েছি।’

বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালাম বলেন, ‘মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুস সালাম নিজে এসে কলেজের অফিসে নিয়োগ বিজ্ঞপ্তির চিঠি দিয়ে যান। তাঁর চিঠি অনুযায়ী আমি মাদ্রাসার উপাধ্যক্ষ নিয়োগের কার্যক্রমে অংশগ্রহণ করে সকল প্রক্রিয়া সম্পন্ন করি। কারণ দর্শানোর চিঠি পাওয়ার আগ পর্যন্ত বুঝতেই পারিনি অধ্যক্ষের দেওয়া চিঠিটি জাল ছিল। সেজন্য আমি সত্য এবং উপযুক্ত জবাব ইতোমধ্যেই লিখেছি। ওই জবাব আমি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠাব।’

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence