ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র © ফাইল ফটো
অনিয়ম ও দুর্নীতির দায়ে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সরকার। এর আগে তার এই অনিয়ম ও দুর্নীতি নিয়ে গণমাধ্যমে নানা প্রতিবেদন আসে।
সোমবার (৯ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে জারি করা এক আদেশে এ তথ্য পাওয়া গেছে। আগামী ১১ নভেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানানো হয়।
তথ্যমতে, সারাদেশে তার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে উদ্যোক্তাদের সাড়ে ৮ হাজার ল্যাপটপ সরবরাহ না করা, আউটসোর্সিংয়ে নিয়জিত কর্মীর চেয়ে অতিরিক্ত বিল উত্তোলন, ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগ রয়েছে।
এছাড়াও অভিযোগ আছে ভারতে তার শত কোটি টাকা পাচার করার, এমনকি বাড়িও আছে সেখানে। নিজের নামে সম্পদ না রেখে আত্মীয়-স্বজনদের নামে সম্পদ করেছেন তিনি।
এর আগে কেনা-কাটা থেকে শুরু করে ডিজিটাল পোস্ট সেন্টার স্থাপন- সব খানে রেখেছেন অনিয়মের স্বাক্ষর। শুধু তাই নয় বহু ডিজিটাল সেন্টারের অস্তিত্বই নেই, তবুও নাম ভাঙিয়ে তুলে নিয়েছেন ৫৪০ কোটি ৯৪ লাখ টাকা।
এদিকে কেনাকাটায় অনিয়ম-দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এস এস ভদ্রকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।