প্রতীকী ছবি © সংগৃহীত
কক্সবাজারের রামুতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা দিদারুল আলমকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজন ও সহযোগীরা। এ সময় পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হলে দুই পুলিশ কর্মকর্তা আহত হন। ছিনিয়ে নেওয়া ওই নেতাকে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত পুনরায় গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া দিদারুল আলম (৩৪) ওই ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় জাবেদ আলমের ছেলে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন রামু থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন। তাদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিদারুলকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে একদল নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারে এলাকায় অভিযান চালানো হচ্ছে। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, মঙ্গলবার রাতে অন্তত ছয়জন পুলিশ সদস্য একটি বাড়িতে অভিযান চালিয়ে দিদারুলকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার পরিবারের সদস্যসহ একদল নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। হামলাকারীদের কয়েকজন পেছন দিক থেকে পুলিশ সদস্যদের লাঠি দিয়ে আঘাত করেন। এতে মাথায় আঘাত পেয়ে দুই পুলিশ কর্মকর্তা মাটিতে পড়ে যান। এ সুযোগে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ দিদারুলকে ছিনিয়ে নিয়ে যান।
পুলিশ জানায়, দিদারুল কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি বন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়া বৃহস্পতিবার ঘোষিত লকডাউন ঘিরে নাশকতার পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পুলিশের কাছে ছিল বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়। তবে থানায় নেওয়ার আগেই হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়।
আহত এসআই মোহাম্মদ আনোয়ার বলেন, দিদারুলকে গ্রেপ্তারের পর তার পরিবারের সদস্যসহ ৮ থেকে ১০ জন নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পেছন দিক থেকে লাঠির আঘাতে তিনি মাটিতে পড়ে যান। হামলায় এএসআই বোরহান উদ্দিনও আহত হন। পরে হামলাকারীরা দিদারুলকে ছিনিয়ে নিয়ে যান।
ঘটনার পর এলাকায় অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।