শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে © সৌজন্যে প্রাপ্ত
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে লকডাউন ইস্যুকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ১৫ থেকে ২০ জনের একটি মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা শামীম ওসমানের বাড়ির সামনে যান। এ সময় তাঁদের কয়েকজনের হাতে জ্বলন্ত মশাল ছিল। মিছিল থেকে ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ এবং ‘রশি লাগলে রশি নে, শেখ হাসিনার ফাঁসি দে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে মিছিলের একজন বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘জামতলায় সাবেক এমপি শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি আমরা জেনেছি। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে আমাদের পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।’
এর আগে সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর এবং সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবে মিল্লাত মুন্না ও জেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।