চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয় © সংগৃহীত
চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩৮ জন নেতাকর্মী ও মাদকসংশ্লিষ্ট ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও ৪টি ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার (৮ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৭ নভেম্বর (শনিবার) চাঁদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় ২৪ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এসব অভিযান পরিচালিত হয়।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা থেকে ১২ জন, ফরিদগঞ্জ থেকে ৮ জন, মতলব দক্ষিণ থেকে ২ জন, মতলব উত্তর থেকে ৪ জন, হাজীগঞ্জ থেকে ৪ জন, শাহরাস্তি থেকে ২ জন এবং কচুয়া থানা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে মাদকবিরোধী অভিযানে হাইমচর থানা পুলিশ ১ জন, ফরিদগঞ্জ ২ জন, মতলব উত্তর ১ জন এবং শাহরাস্তি থানা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে। এ সময় হাইমচর ও ফরিদগঞ্জ থেকে ৪টি ইয়াবা এবং মতলব উত্তর ও শাহরাস্তি থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা থেকে ৩ জন, হাইমচর থেকে ৪ জন, ফরিদগঞ্জ থেকে ৫ জন, মতলব দক্ষিণ থেকে ৪ জন, হাজীগঞ্জ থেকে ৪ জন এবং কচুয়া থানা থেকে ৫ জনকে আটক করা হয়।
আটক ২৫ কিশোরের মধ্যে ২৪ জনকে যাচাই-বাছাই শেষে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি একজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ দমন ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।