সোহরাওয়ার্দী উদ্যান
আহত তিন সাংবাদিক © টিডিসি সম্পাদিত
সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একটি গ্রুপ তাদের ওপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত তিনজন মাল্টিমিডিয়া সাংবাদিক আহত হয়েছেন।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র মিজুর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
হামলায় আহত সাংবাদিকরা হলেন দৈনিক আগামীর সময় পত্রিকার সিয়াম হোসাইন, প্রতিদিনের বাংলাদেশের জহিরুল ইসলাম এবং তোফায়েল আহমেদ। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী দীর্ঘদিন ধরে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। রবিবার পুলিশি অভিযানের সময় সংবাদ সংগ্রহে গেলে মাল্টিমিডিয়া সাংবাদিকদের ওপর তারা হামলা করেন। পুলিশের সামনেই এই ঘটনা ঘটে। তারা জানান, আহতদের মধ্যে তোফায়েল ও সিয়ামের অবস্থা গুরুতর।
জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রতিদিনই আমাদের মাদকবিরোধী অভিযান চলে। আজকেও একটি অভিযান ছিল। আভিযানিক দল আমাকে কিছুক্ষণ আগে জানাল যে অভিযান শেষে ফিরে আসার সময় বেশ কয়েকজনের মধ্যে হাতাহাতি বা এরকম ঘটনা ঘটেছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।