আরাকান আর্মির বন্দিশালা থেকে ফিরলেন ৪১ জেলে, শোনালেন লোমহর্ষক অভিজ্ঞতা

২৬ নভেম্বর ২০২৬, ০৭:০২ PM
উদ্ধার হওয়া জেলেরা

উদ্ধার হওয়া জেলেরা © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ৭৩ জন জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এ সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মঈনুল আলম, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমানসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি অধিনায়ক জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বিভিন্ন সময়ে এসব জেলেকে আটক করে আরাকান আর্মি। বিজিবির ধারাবাহিক প্রচেষ্টায় তাঁদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
তিনি বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—মহাপরিচালকের এই ভিশন ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দেশে ফেরা জেলেদের একজন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা আবুল হোসেন (৬০)। প্রায় নয় মাস আরাকান আর্মির বন্দিশালায় থাকার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, পাঁচজন মাঝিমাল্লা নিয়ে সেন্টমার্টিনের পূর্ব পাশে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। এ সময় আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে তাঁদের আটক করে নিয়ে যান।

আবুল হোসেন বলেন, ‘প্রায় নয় মাস বন্দিজীবন কাটাতে হয়েছে। সেখানে আমাদের ওপর নির্যাতন চালানো হতো। প্রতিদিন প্রায় সাত ঘণ্টা শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য করা হতো। কাজ করতে না চাইলে ব্যাপক মারধর করা হতো। সারাদিনের জন্য দেওয়া হতো মাত্র একবেলা ভাত। এভাবে নয় মাস মানবেতর জীবন কাটিয়েছি।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, আরাকান আর্মির হেফাজত থেকে ৪১ জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সেখানে আটক থাকা অন্য জেলেদেরও ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চলছে। দেশে ফেরা জেলেদের যাচাই-বাছাই শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছর বিভিন্ন সময়ে আটক হওয়া মোট ৩২৩ জন জেলেকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হয়েছিলেন। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

হাঁসের ডাক প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় প্রাণিসম্পদ পদকে রৌপ…
  • ২৬ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে…
  • ২৬ নভেম্বর ২০২৬
থানায় আটক থাকা যুবলীগ নেতাকে ছাড়াতে গিয়ে কপাল পুড়ল যুবদল নে…
  • ২৬ নভেম্বর ২০২৬
আজ বিশ্ব কেক দিবস, কীভাবে এল দিনটি
  • ২৬ নভেম্বর ২০২৬
এইচএসসি সাপ্লিমেন্টারির ফল প্রকাশ নিয়ে জরুরি নির্দেশনা ঢাকা…
  • ২৬ নভেম্বর ২০২৬
কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না
  • ২৬ নভেম্বর ২০২৬