কুমিল্লায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০

২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ AM
কুমিল্লায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ

কুমিল্লায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ © সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়নের পূজকরা গ্রামের জামাইর দোকান এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সংঘর্ষের সময় কয়েকটি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

খবর পেয়ে নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর নাথেরপেটুয়া বাজারে হাতিমারা গ্রামের এক নারীকে উদ্দেশ করে পূজকরা গ্রামের এক ব্যক্তি কটূক্তি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পূজকরা গ্রামের আল মামুন কনজুমার ফুড অ্যান্ড বেভারেজ কারখানার ম্যানেজার রাকিবুল ইসলাম অভিযোগ করেন, সকালে ৪০-৫০ জনের একটি দল অস্ত্র নিয়ে এলাকায় এসে হামলা চালায়। এ সময় কারখানার আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়। বিভিন্ন বাড়িঘর ও দোকানে হামলা ও লুটপাট চালানো হয়। কারখানায় থাকা একটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং কারখানার অফিসে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে তিনি দাবি করেন।

রাকিবুল ইসলাম বলেন, হামলায় বাধা দিতে গেলে কয়েকজনের ওপরও হামলা চালানো হয়। এতে পূজকরা গ্রামের ১০-১২ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে, হাতিমারা গ্রামের ব্যবসায়ী রুবেল অভিযোগ করেন, মঙ্গলবার রাতে নাথেরপেটুয়া বাজারে হাতিমারা গ্রামের এক নারীকে উদ্দেশ করে পূজকরা গ্রামের কয়েকজন খারাপ কথা বলেন। এর প্রতিবাদ করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে পূজকরা গ্রামের লোকজন মাইকিং করে হাতিমারা গ্রামের বিভিন্ন বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

তিনি আরও বলেন, হামলায় বাধা দিতে গেলে হাতিমারা গ্রামের কয়েকজনের ওপরও হামলা করা হয়। এতে ৮-১০ জন আহত হয়েছেন। আহতদের লাকসামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’

নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। হামলায় ব্যবহৃত অস্ত্রধারীদের পরবর্তীতে শনাক্ত করা হবে।’

পুলিশ ভেরিফিকেশনে হয়রানি বন্ধ ও মেধাভিত্তিক নিয়োগের দাবি ঢা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৭ দিনের ছুটির সুযোগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নেইমারের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি এখন কার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬