ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা

০৮ আগস্ট ২০২৬, ০৯:০২ AM
শাওন মজুমদার সুমন

শাওন মজুমদার সুমন © সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি ও তা ব্যবহার করে বদলি–পদায়ন প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে এক সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মো. মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে।

মামলার এজাহারে বলা হয়, গত ২৪ জুলাই জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের মাধ্যমে বাদী জানতে পারেন, শাওন মজুমদার ডেপুটি স্পিকারের নামে একটি জাল ডিও লেটার তৈরি করেছেন। এতে ডেপুটি স্পিকারের স্বাক্ষর ও সরকারি লেটারহেড ব্যবহার করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ওই চিঠির মাধ্যমে শাওন মজুমদারকে বরগুনা সদর উপজেলা থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বদলির আদেশ বাতিল করে ঢাকার কেরানীগঞ্জে পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের চেষ্টা করা হয়।

পরে বিষয়টি যাচাই করে দেখা যায়, কথিত ডিও লেটারটি জাতীয় সংসদ সচিবালয় থেকে ইস্যু করা হয়নি। এতে ব্যবহৃত ডেপুটি স্পিকারের স্বাক্ষর, ভাষা, বিন্যাসসহ অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য সরকারি রেকর্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এ কারণে প্রাথমিকভাবে চিঠিটিকে জাল বলে প্রতীয়মান হয়েছে।

এজাহারে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ডেপুটি স্পিকারের সাংবিধানিক পদমর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সরকারি নথি ও পরিচয় অবৈধভাবে ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের বদলি ও পদায়ন প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে।

এতে রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, এ ঘটনার পেছনে সংঘবদ্ধ জালিয়াত চক্র জড়িত থাকতে পারে। তাই ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে ডিজিটাল ফরেনসিক পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া মুঠোফোন, কম্পিউটার, ই-মেইল ও প্রিন্টিংয়ের উৎস শনাক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেন ও যোগাযোগসংক্রান্ত তথ্য তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরু…
  • ৩১ আগস্ট ২০২৬
পে-স্কেল নিয়ে ব্রিফিংয়ে আসছেন মন্ত্রিপরিষদ সচিব
  • ৩১ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের চেক ছাড়, পাব…
  • ৩১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ব্যাংকের অধীনে বিভিন্ন ব্যাংকে ৩২০ পদে বড় নিয়োগ, আ…
  • ৩১ আগস্ট ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ৩১ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতা, পবিপ্রবি শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্…
  • ৩১ আগস্ট ২০২৬