© সংগৃহীত
কিশোর শাহীনের মাথা ফাটিয়ে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় সোমবার ছিনতাইচক্রের প্রধান আসামি সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। সন্ধ্যায় সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের বাবর আলীর ছেলে নাইমুল, সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারের বারেক আলী ও কলারোয়ার মির্জাপুর মোড়ের আরশাদ পাড় ওরফে নুনু মিস্ত্রি।
মামলার প্রধান আসামি নাইমুলের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, ২৭ জুন নাইমুলসহ অজ্ঞাত তিনজন কিশোর ভ্যানচালক শাহীনকে ফোন করে বলে, ‘কাল কলারোয়ায় একটি ভাড়া আছে। তুই সকালে কেশবপুর বাজারে চলে আসিস।’ এসময় তারা ৩৫০ টাকা ভাড়া চুক্তি করে।
পরদিন সকালে শাহীন ভ্যান নিয়ে কেশবপুর বাজারে গিয়ে দেখে নাইমুলসহ তিনজন দাঁড়িয়ে আছে। সেখান থেকে তারা ভ্যানে উঠে কেশবপুর হাসপাতালের সামনে দিয়ে সরসাকাটি চৌগাছা হয়ে ধানদিয়া জামতলা মোড়ের পাশে ফাঁকা জায়গায় পৌঁছে শাহীনকে ভ্যান থামাতে বলে।
তারা শাহীনকে বলে ভ্যান দিয়ে বাড়ি চলে যা, বাড়ি গিয়ে এ সম্পর্কে কিছু বললে তোকে মেরে ফেলবো। শাহীন ভ্যান দিতে রাজি না হওয়ায় তারা ভ্যানের সিটের লোহার সঙ্গে শাহীনের মাথায় আঘাত করে। এতে শাহীন অচেতন হয়ে পড়লে তাকে পাটক্ষেতে ফেলে রেখে ওই তিনজন ভ্যান নিয়ে চলে যায়। পরে আসামিরা ঝাউডাঙ্গা বাজারে গিয়ে বারেক আলীর কাছে ভ্যানের চারটি ব্যাটারি ও কলারোয়ার রায়ার মির্জাপুর মোড়ের আরশাদ পাড় ওরফে নুনু মিস্ত্রির কাছে ভ্যানটি বিক্রি করে টাকা সমান ভাগে ভাগ করে নেয়।
উল্লেখ্য, শুক্রবার (২৮ জুন) দুপুরে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের হায়দার আলী মোড়লের ছেলে কিশোর শাহীনের ভ্যান যাত্রীবেশে ভাড়া নেয় দুর্বৃত্তরা। এরপর সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়ায় নিয়ে রাস্তার দু’পাশের পাট ক্ষেতের নির্জন স্থানে শাহীনের মাথায় আঘাত করে তার ভ্যান গাড়িটি নিয়ে পালিয়ে যায় তারা।
মাথায় আঘাতের ফলে জ্ঞান হারিয়ে ফেলে শাহীন। জ্ঞান ফিরলে তার কান্নার শব্দে স্থানীয়রা গিয়ে থানায় খবর দেয়। পুলিশ শাহীনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থার অবনতি হলে শনিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার চিকিৎসা শুরু হয়। সোমবার চিকিৎসকরা জানিয়েছেন, শাহীনকে চোখ খুলেছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান তিনি।