জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষের সময় সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলার ঘটনার ঘটেছে। এতে বিশ্ববিদ্যালেয়ের সাংবাদিক সমিতির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদকসহ মোট চারজন আহত হন। সোমবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, দৈনিক সমকালের জবি প্রতিনিধি লতিফুল ইসলাম, দৈনিক সংবাদের জবি প্রতিনিধি রাকিব ইসলাম, দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি জয়নুল হক ও বিডি২৪রিপোর্টের জবি প্রতিনিধি সানাউল্লাহ ফাহাদ। এদের মধ্যে লতিফুল ইসলাম ও রাকিব ইসলামকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে সংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাবিসাসের সভাপতি প্লাবন তারিক এবং সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, 'সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর এমন ন্যাক্কারজনক হামলা গণমাধ্যমের স্বাধীনতাকে প্রশ্নবিবদ্ধ করেছে, সাংবাদিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। জাবিসাস এই হামলার ঘটনায় ক্ষোভ এবং নিন্দা জানায় এবং সংবাদকর্মীদের উপর এমন হামলার পুনরাবৃত্তি যেন না ঘটে সে জন্য হামলায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে'।