ফাইল ছবি © সংগৃহীত
একযুগ পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আফতাব আহমেদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি বিএনপির সাবেক এমপি মো. মফিকুল হাসান তৃপ্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সিআইডির বিশেষ সুপার এনামুল কবির।
২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর রাতে ফুলার রোডের ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়ার্টারের নিজ বাসায় অধ্যাপক আফতাবকে গুলি করে দুর্বৃত্তরা। এর তিন দিন পর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় তার স্ত্রী শাহবাগ থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের একযুগ পর তৃপ্তিকে গ্রেপ্তার করল পুলিশ। এর আগে ওই মামলায় আরও চারজন গ্রেপ্তার হলেও তারা বর্তমানে জামিনে রয়েছেন।
যশোরের শার্শা থেকে নির্বাচিত সাবেক এমপি মফিদুল ইসলাম তৃপ্তি বিএনপি ক্ষমতায় থাকাকালে দলটির দফতর সম্পাদক ছিলেন। জরুরি অবস্থা জারির পর ২০০৮ সালে ‘সংস্কারপন্থি’ হিসেবে চিহ্নিত হওয়ায় তাকে বহিষ্কার করেছিল বিএনপি। সম্প্রতি তিনি ফের স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন।