মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয় © সংগৃহীত
বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ছিলেন মুশফিকুর রহিম। দেশের হয়ে সবচেয়ে বেশি তিনটি ডাবল সেঞ্চুরিও তার। ভবিষ্যতে তার এই রেকর্ড কেউ ছাড়িয়ে যেতে পারবেন কিনা, তা সময়ই বলে দেবে।
তবে ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্টেই মুশফিকের বড় একটি রেকর্ড নিজের করে নিয়েছেন তাওহীদ হৃদয়। এতদিন টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল মুশফিকের ২১৯ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে অপরাজিত ২৪২ রান করে সেই রেকর্ড নতুন করে লিখেছেন হৃদয়।
সবচেয়ে বিশেষ ব্যাপার, নিজের রেকর্ড ভাঙার মুহূর্তটি মাঠে বসেই দেখেছেন মুশফিক। তরুণ সতীর্থের এমন অবিশ্বাস্য কীর্তিতে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হৃদয়ের প্রশংসা করে আবেগঘন একটি স্ট্যাটাসও দিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
মুশফিকের সেই স্ট্যাটাসটি নিচে হুবুহু তুলে ধরা হলো...
‘মাশাআল্লাহ ভাই...কি দুর্দান্ত ইনিংস!
ড্রেসিংরুমে বসে ইনিংসটি সরাসরি দেখা সৌভাগ্য হওয়ায় গর্ববোধ হচ্ছে। মহান আল্লাহ তোমাকে আরও এবং আরও অনেক সাফল্য দান করুন। আশা করি, ইনশাআল্লাহ টেস্ট ক্রিকেটে এই ইনিংসটি যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে এবং ম্যাচ জেতানো ইনিংস হিসেবে বিবেচিত হবে।
আলহামদুলিল্লাহ… তোমার রেকর্ড ভাঙার এই কীর্তিতে আমি ভীষণ গর্বিত। তোমাকে জানাই স্যালুট, আমার ভাই!’