‘বাংলাদেশ আগে বোলিং করলে অস্ট্রেলিয়া ৬০ রানে অলআউট হতে পারত’

২৫ আগস্ট ২০২৬, ১১:৪৬ AM
 ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড

ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড © সংগৃহীত

ম্যাকাইয়ের বাউন্স ও অতিরিক্ত মুভমেন্টে ভরা পিচে প্রথম দিনেই দুই দলের ১৮ উইকেট পড়ে যাওয়ার পর শুরু হয়েছে পিচ নিয়ে আলোচনা। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। তাঁর মতে, বাংলাদেশ টস জিতে আগে বোলিং করার সুযোগ পেলে অস্ট্রেলিয়াকে আরও বড় বিপদে ফেলতে পারত, এমনকি মাত্র ৬০ রানের মধ্যেই স্বাগতিকদের অলআউট করে দেওয়ার সম্ভাবনাও ছিল।

ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে বোলিং করেছিল অস্ট্রেলিয়া। পিচের অতিরিক্ত মুভমেন্ট ও বাউন্স কাজে লাগিয়ে শুরুতেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান মিচেল স্টার্ক। বাঁহাতি এই পেসার মাত্র ১২ রান দিয়ে শিকার করেন ৬ উইকেট। তাঁর বিধ্বংসী বোলিংয়ের সামনে বাংলাদেশ মাত্র ৬৪ রানে গুটিয়ে যায়।

তবে ব্রডের মতে, টসের ফল উল্টো হলে পরিস্থিতি অস্ট্রেলিয়ার জন্য আরও কঠিন হতে পারত। নিজের পডকাস্ট ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’-এ কথা বলার সময় তিনি বলেন, ‘বাংলাদেশ যদি টস জিতে বোলিং করত, তাহলে তারা অস্ট্রেলিয়াকে ৬০ রানে গুটিয়ে দিতে পারত। তখন আপনি বড় ধরনের বিপদে পড়ে যেতেন। পিচে বল যতটা নড়াচড়া করেছে, সেটি বেশ ঝুঁকিপূর্ণ মনে হয়েছে।’

প্রথম দিনেই দুই দলের ১৮ উইকেট পড়ে যাওয়ার বিষয়টিকেও পিচের বোলিং সহায়ক চরিত্রের প্রমাণ হিসেবে দেখছেন ব্রড। বাংলাদেশের ইনিংস দ্রুত শেষ হয়ে গেলেও অস্ট্রেলিয়ার জন্য দিনটি পুরোপুরি স্বস্তির ছিল না। দিন শেষে তাদেরও আটটি উইকেট পড়ে যায়।

দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ২১০ রানে অলআউট হয়। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ক্যারিয়ারসেরা বোলিং করে ৪৮ রানে ৭ উইকেট নেন। তবে অস্ট্রেলিয়ার জয়ের পথে আবারও বড় ভূমিকা রাখেন স্টার্ক। দ্বিতীয় ইনিংসে আরও চার উইকেট নিয়ে ম্যাচে তাঁর মোট শিকার দাঁড়ায় ১০টি। শেষ পর্যন্ত ইনিংস ও ৫১ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে অস্ট্রেলিয়া।

তবে সিরিজের ফলাফলের পাশাপাশি ম্যাকাইয়ের পিচ নিয়েও প্রশ্ন তুলেছেন ব্রড। তাঁর মতে, কোনো দল যদি খেলোয়াড়ে-খেলোয়াড়ে নিজেদের প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকে বলে মনে করে, তাহলে এমন পিচ তৈরি করা উচিত নয়, যেখানে কন্ডিশন ম্যাচের ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে।

ব্রড বলেন, ‘অস্ট্রেলিয়া বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। কিন্তু তাদের নিয়ে এখনো কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, আপনি যদি মনে করেন যে খেলোয়াড়ে-খেলোয়াড়ে আপনি প্রতিপক্ষের চেয়ে ভালো দল, তাহলে আপনার ফ্ল্যাট পিচে খেলা উচিত।’

ব্রডের বক্তব্যের অর্থ হলো, নিজেদের শক্তির ওপর আস্থা থাকলে অস্ট্রেলিয়ার অপেক্ষাকৃত ব্যাটিংবান্ধব পিচে খেলা উচিত ছিল। সেখানে দুই দলের ব্যাটিং সামর্থ্যের পার্থক্য কাজে লাগিয়ে তারা ম্যাচ জিততে পারত। বোলারদের জন্য অতিরিক্ত সহায়তা থাকা পিচের ওপর নির্ভর করার প্রয়োজন ছিল না।

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচ নিয়ে বিতর্কের মূল কারণও এখানেই। দুই দিনের মধ্যেই ম্যাচে মোট ৩০টি উইকেট পড়ে যায়। প্রথম দিনেই দুই দলের ১৮টি উইকেটের পতন ঘটে। পিচে বলের অতিরিক্ত মুভমেন্ট ও বাউন্স ব্যাটারদের জন্য কাজটি কঠিন করে তোলে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এত দ্রুত উইকেট পড়ার পরও পিচটি সর্বোচ্চ ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে। ফলে পিচের মূল্যায়ন নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও পিচ নিয়ে দ্বৈত মানদণ্ডের অভিযোগ তুলেছিলেন। তাঁর মতে, উপমহাদেশে একই ধরনের পরিস্থিতিতে এক দিনে ১৮টি উইকেট পড়ে গেলে পিচ নিয়ে আরও বেশি সমালোচনা হতো।

শান্তর সেই বক্তব্যের সঙ্গে অনেকটাই সুর মিলিয়েছেন ব্রড। অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করলেও ম্যাকাইয়ের পিচ এবং ম্যাচের ধরন নিয়ে বিতর্ক যে এখনো শেষ হয়নি, ব্রডের মন্তব্যে সেটিই আবার সামনে এসেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের আইসিটি ব্যবহারিক …
  • ২৫ আগস্ট ২০২৬
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ডা. জসিম …
  • ২৫ আগস্ট ২০২৬
সংসদ অধিবেশন শুরু ২৭ আগস্ট, রাজধানীর যেসব সড়কে নিয়ন্ত্রিত থ…
  • ২৫ আগস্ট ২০২৬
জমির বিরোধে বিদ্যালয়ের মাঠে কাঁটাতারের বেড়া, বিপাকে শিক্ষার…
  • ২৫ আগস্ট ২০২৬
রাতারাতি স্বাস্থ্যবান হওয়ার ভাইরাল ‘ম্যাক্সিং’ ট্রেন্ড কি আ…
  • ২৫ আগস্ট ২০২৬
বেরোবিতে প্রজ্ঞাপনের এক  মাস পরও যোগ দিতে পারেননি নতুন ট্রে…
  • ২৫ আগস্ট ২০২৬