দ্বিতীয় দিনের প্রথম সেশনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলাদেশ

১৪ আগস্ট ২০২৬, ০৯:০৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৬, ০৯:০৫ AM
 শান্ত-তামিমের জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ

শান্ত-তামিমের জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ © টিডিসি ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় দিনের শুরুর সেশনটাও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে মুমিনুল হকের উইকেট হারালেও তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে অস্ট্রেলিয়ার ওপর চাপ ধরে রেখেছে বাংলাদেশ। লাঞ্চের বিরতিতে ৮ উইকেট হাতে রেখে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে মাত্র ১৭ রানে পিছিয়ে আছে তারা।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৫১ ওভারে ২ উইকেটে ১৮২ রান করেছে। তানজিদ ৭৪ ও নাজমুল ২৮ রানে অপরাজিত আছেন। তৃতীয় উইকেটে দুজনের জুটিতে এসেছে ৪৩ রান।

লাঞ্চের আগে বাংলাদেশের জন্য পুরো সেশনই ছিল স্বস্তির। অস্ট্রেলিয়া পেয়েছে কেবল মুমিনুলের উইকেট। দারুণ ছন্দে ব্যাট করতে থাকা মুমিনুল ৪৯ রানে আউট হন। জশ হ্যাজলউডের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দেন তিনি। ৯৫ বলে সাজানো তাঁর ইনিংসের হতাশাজনক সমাপ্তির সঙ্গে ভেঙে যায় মুমিনুল-তানজিদের ১০২ রানের জুটিও।

তবে মুমিনুলের বিদায়ের পরও বাংলাদেশের ব্যাটিংয়ে কোনো ছন্দপতন হয়নি। বরং তানজিদ ও নাজমুল আরও আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন। দ্বিতীয় সেশনের আগে পর্যন্ত তানজিদই ছিলেন বাংলাদেশের ব্যাটিংয়ের মূল আকর্ষণ।

ওয়েবস্টারকে ডাউন দ্য উইকেটে এসে মারা তানজিদের ছক্কাটি ছিল দারুণ উপভোগ্য। ড্রাইভ ও ব্যাকফুটে তাঁর পাঞ্চগুলোও ছিল নজরকাড়া। মাত্র দ্বিতীয় টেস্টেই পাওয়া প্রথম ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার সুযোগ এখন তাঁর সামনে।

তানজিদ ৬২ রানে থাকার সময় নাথান লায়নের বলে স্লিপে তাঁর ক্যাচ ফেলে দেন স্টিভেন স্মিথ। ৪৩তম ওভারে লায়নের পঞ্চম বলে ওই সুযোগটি তৈরি হয়। জীবন পাওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ব্যাট করছেন তানজিদ।

অন্য প্রান্তে নাজমুলও খেলছেন বেশ ইতিবাচকভাবে। অধিনায়কসুলভ ব্যাটিংয়ে তানজিদের সঙ্গে জুটি গড়ে অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চাপ বাড়িয়ে চলেছেন তিনি। এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ছয়জন বোলার ব্যবহার করেও বাংলাদেশের এই জুটি ভাঙতে পারেনি।

এর আগে দ্বিতীয় দিনের শুরুতেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিল বাংলাদেশ। দিনের শুরুতে ১ উইকেটে ৯৯ রান থেকে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। সময় গড়ানোর সঙ্গে মুমিনুল ও তানজিদ নিজেদের জুটি আরও বড় করেন। শেষ পর্যন্ত ১০২ রানের জুটি গড়ে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যান তারা।

অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ এখন প্রথম ইনিংসে ১৮২ রানে পৌঁছে গেছে। হাতে রয়েছে আরও আটটি উইকেট। ফলে প্রথম ইনিংসে লিড নেওয়ার পাশাপাশি বড় সংগ্রহ গড়ার সুযোগও তৈরি হয়েছে নাজমুলদের সামনে।

ওজিএসবির নবনির্বাচিত কমিটিতে বিএমইউর ৬ বিশেষজ্ঞ চিকিৎসক, ড্…
  • ২২ নভেম্বর ২০২৬
২৫ লাখ নতুন কর্মসংস্থানের সুখবর দিলেন প্রধানমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
প্রথম শ্রেণির লটারিতে কতটি শিক্ষাপ্রতিষ্ঠান চয়েজ দেওয়া যাবে…
  • ২২ নভেম্বর ২০২৬
নরমাল ডেলিভারির ‘পরামর্শ দেওয়া’য় আয়াকে পেটানোর অভিযোগ ডাক্ত…
  • ২২ নভেম্বর ২০২৬
চলমান রাজনৈতিক সহিংসতার শেষ কীভাবে, যা ভাবছে বিএনপি ও সরকার
  • ২২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০ পথশিশু পেল শীতবস্ত্র ও শিক্ষা সামগ্…
  • ২২ নভেম্বর ২০২৬