৫৪ রানে অলআউট বাংলাদেশ

০৮ আগস্ট ২০২৬, ১০:২৩ AM
বাংলাদেশ টেস্ট দল

বাংলাদেশ টেস্ট দল © সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজের আগে প্রস্তুতিটা মোটেও ভালো হলো না বাংলাদেশের। ব্যাটারদের চরম ব্যর্থতায় ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।

ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশকে ভুগিয়েছিলেন অফ স্পিনার কোরে রকিচ্চলি। আর দ্বিতীয় ইনিংসে বাঁহাতি পেসার ক্যাম্পবেল থমসনের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা।

স্বাগতিক ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বেশিরভাগ খেলোয়াড়েরই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। বিপরীতে বাংলাদেশের প্রায় পুরো দলই আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ। সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে টেস্টেও ভালো খেলেছে তারা। কিন্তু অস্ট্রেলিয়ার কন্ডিশনে প্রস্তুতি ম্যাচে সেই সামর্থ্যের ছাপ দেখা যায়নি।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে একমাত্র উজ্জ্বল ব্যাটিং পারফরম্যান্স ছিল মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি। তার ব্যাটে ভর করে বাংলাদেশ ২৬৩ রান করে। জবাবে টিগ উইলির সেঞ্চুরিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সংগ্রহ দাঁড়ায় ৩৫৫ রান। ফলে ৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামে বাংলাদেশ।

সেখানেই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। বাঁহাতি পেসার ক্যাম্পবেল থমসনের নতুন বলের সামনে মুমিনুল হক, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তরা কেউই টিকতে পারেননি। টানা ১১ ওভারের স্পেলে মাত্র ২৫ রান দিয়ে ৮ উইকেট শিকার করেন থমসন।

আগের দিন শেষ বিকেলে ১৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। শেষ দিনে সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি তারা। মাত্র ১৭ ওভারে ৩৫ রান যোগ করতেই বাকি ৮ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩৮ রানের লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে দুই অঙ্কের রান করতে পেরেছেন শুধু তানজিদ হাসান তামিম। দুই দিন মিলিয়ে এক ঘণ্টার বেশি সময় ব্যাটিং করে ৪১ বলে ২ চার ও ১ ছক্কায় ২২ রান করেন তিনি। তার বাইরে আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।

প্রথম ইনিংসে চার নম্বরে নেমে ৩৭ রান করা শান্ত দ্বিতীয় ইনিংসে সাত নম্বরে ব্যাট করতে নামেন। কিন্তু ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। প্রথম ইনিংসে সাত নম্বরে নেমে ১৬ রান করা সৌম্য সরকার এবার চার নম্বরে ব্যাট করেও ৫ রানের বেশি করতে পারেননি।

প্রথম ইনিংসে কোনো রান না করেই আউট হওয়া মুশফিকুর রহিম দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ২ রান। মুমিনুল হক দুই ইনিংসে করেন ১৬ ও ৬ রান। প্রথম ইনিংসে অপরাজিত সেঞ্চুরি করা মিরাজও দ্বিতীয় ইনিংসে ১৯ বলে ৬ রান করে আউট হন।

প্রস্তুতি ম্যাচে এমন ব্যাটিং ব্যর্থতার পর এখন মূল সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। ডারউনের মারারা স্টেডিয়ামেই আগামী ১৩ আগস্ট শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
সেমিস্টার ফাইনালে খাতা বিতরণের পর পরীক্ষা স্থগিত, কেন এমন স…
  • ০৮ আগস্ট ২০২৬
যে কারণে শেষ মুহূর্তে মরক্কো সফর বাতিল করল বার্সেলোনা
  • ০৮ আগস্ট ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি …
  • ০৮ আগস্ট ২০২৬