প্রীতি জিন্তা ও ব্রেট লি © সংগৃহীত
বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রায় দুই দশক পর মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তাদের মধ্যে কখনও প্রেমের সম্পর্ক ছিল না। তারা অতীতেও ভালো বন্ধু ছিলেন, এখনও সেই বন্ধুত্ব অটুট রয়েছে।
২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস ইলেভেন পাঞ্জাবে (বর্তমান পাঞ্জাব কিংস) যোগ দেন ব্রেট লি। সে সময় দলটির সহ-মালিক ছিলেন প্রীতি জিন্তা। ২০১০ সাল পর্যন্ত তিনি এই দলে খেলেন। পরে ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন।
পাঞ্জাবে একসঙ্গে কাজ করার সময় থেকেই ব্রেট লি ও প্রীতি জিন্তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বহুবার তাদের প্রেমের খবর প্রকাশিত হলেও এতদিন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অস্ট্রেলিয়ার এই সাবেক গতিতারকা।
সম্প্রতি বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো এ বিষয়ে কথা বলেন ব্রেট লি।
তিনি বলেন, ‘আপনাদের জন্য খবরটা হলো—আমি কখনও কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। প্রীতি জিন্তা আর আমি তখনও খুব ভালো বন্ধু ছিলাম, এখনও আছি। সে সময় পাঞ্জাব দলের দায়িত্বে ছিলেন তিনি। তিনি অত্যন্ত বুদ্ধিমান একজন নারী এবং আমি তাকে অনেক সম্মান করি।’
ব্রেট লি আরও বলেন, ‘এ ধরনের গল্প আমাকে কখনও বিরক্ত করেনি। কারণ আমি সব সময় সত্যটা জানতাম। মানুষ যা খুশি অনুমান করতে পারে, কিন্তু আমি কখনও সেগুলোকে আমার ওপর প্রভাব ফেলতে দিইনি।’
যদিও ব্রেট লি প্রায় দুই দশক এ বিষয়ে নীরব ছিলেন, প্রীতি জিন্তা ২০১০ সালেই এই গুঞ্জনের জবাব দিয়েছিলেন।
সে সময় তিনি বলেছিলেন, ‘প্রতি বছর ব্রেটের সঙ্গে আমার প্রেমের সম্পর্কের খবর প্রকাশ হওয়া এখন খুবই পুরোনো আর একঘেয়ে বিষয়! তাই দুঃখিত সবাই, এখানে কোনো খবর নেই! বন্ধু? হ্যাঁ, অবশ্যই।’
ব্যক্তিগত জীবনে ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেন ব্রেট লি। তাদের একটি ছেলে রয়েছে। তবে বিয়ের কিছুদিন পর থেকেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। শেষ পর্যন্ত ২০০৮ সালে তারা আলাদা হয়ে যান এবং ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
এরপর ২০১৪ সালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন ব্রেট লি। বর্তমানে তাদের দুটি সন্তান রয়েছে।
অন্যদিকে প্রীতি জিন্তা গত কয়েক বছরে বলিউডে খুব বেশি সক্রিয় না থাকলেও বর্তমানে বাটওয়ারা ১৯৪৭ সিনেমার শুটিং করছেন বলে জানা গেছে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন সানি দেওল। ছবিটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
খেলাধুলার জগতেও সক্রিয় রয়েছেন প্রীতি জিন্তা। তিনি আইপিএলের পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের ঘরের মাঠের ম্যাচগুলোতে তাকে নিয়মিত গ্যালারিতে উপস্থিত থাকতে দেখা যায়।