আফগানিস্তান ক্রিকেট দল © টিডিসি ছবি
আফগানিস্তানকে নিয়ে এবার মুখোমুখি অবস্থানে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ক্রিকেট আয়ারল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। তবে সেই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে ইসিবি। এমনকি ভবিষ্যতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজনের বিষয়েও নতুন করে ভাবার ইঙ্গিত দিয়েছে তারা।
বুধবার থেকে নিজেদের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এই সিরিজ দিয়েই দুই দলের নতুন দ্বিপাক্ষিক সূচি শুরু হচ্ছে।
তালেবান শাসনে আফগানিস্তানে নারীদের অধিকার খর্ব হওয়ার প্রতিবাদে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ইংল্যান্ড। একই অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডও। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি নেই এসব দেশের।
এই অবস্থায় আয়ারল্যান্ডের আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজনের আগে তারা বিষয়টি নতুন করে বিবেচনা করবে।
এর আগে ২০১৯ ও ২০২৩ সালে নিজেদের মাঠে অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি করে টেস্ট ম্যাচ খেলেছিল ইংল্যান্ড। তবে আগামী বছর সেই প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।
ইংল্যান্ডের আপত্তি থাকলেও নিজেদের পরিকল্পনা থেকে সরে আসেনি ক্রিকেট আয়ারল্যান্ড। ইতোমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে নতুন সূচি চূড়ান্ত করেছে তারা।
চুক্তি অনুযায়ী, চলমান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পর আগামী বছরের মার্চে সংযুক্ত আরব আমিরশাহিতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড।