বাংলাদেশ টেস্ট দল © টিডিসি সম্পাদিত
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান।
প্রথম টেস্টে ১০৪ রানের দুর্দান্ত জয় পেয়ে সিরিজে এগিয়ে থাকা নাজমুল হোসেন শান্তর দলের সামনে এখন পাকিস্তানকে টানা দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ করার হাতছানি। ২০২৪ সালে নিজেদের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হারার পর এবারও ব্যাকফুটে থাকা পাকিস্তানের জন্য সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।
ম্যাচ শুরুর আগে দুই দলের জন্যই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ছিল বৃষ্টি। গতকাল সিলেটে বৃষ্টির কারণে দুই দলের প্রস্তুতিই বেশ ব্যাহত হয়েছে; বাংলাদেশ কিছু সময় অনুশীলন করার সুযোগ পেলেও পাকিস্তানকে বেশির ভাগ সময় ইনডোরেই বন্দি থাকতে হয়েছে।
বাংলাদেশের মাটিতে শক্তিশালী স্বাগতিকদের চ্যালেঞ্জ জানাতে হলে পাকিস্তানকে আজ নিজেদের সেরাটা খেলতে হবে। প্রথম টেস্টে তাদের পেস বোলাররা অনেক সময় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি এবং দীর্ঘ সময় বাংলাদেশি ব্যাটারদের চাপে রাখতেও ব্যর্থ হয়েছেন। মিরপুরে দুই অভিষিক্ত আজান আওয়াইস ও আবদুল্লাহ ফাজাল ভালো খেললেও দলের বেশিরভাগ ব্যাটারের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তবে বাঁ হাঁটুর চোটের কারণে প্রথম ম্যাচ খেলতে না পারা বাবর আজমের ফেরা পাকিস্তানের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এসেছে।
এই ম্যাচে ড্র করলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের, তবে শান্তদের লক্ষ্য জয়। চোটের কারণে ওপেনার সাদমান ইসলাম ছিটকে যাওয়ায় বাংলাদেশ দলে আজ অভিষেক হচ্ছে তানজিদ হাসান তামিমের। পেস আক্রমণে নাহিদ রানা, তাসকিন আহমেদের সঙ্গে যোগ দিয়েছেন শরিফুল ইসলাম।
পাকিস্তানের একাদশ:
আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আবদুল্লাহ ফাজাল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী, মোহাম্মদ আব্বাস।
বাংলাদেশের একাদশ:
মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।